ভিসা ছাড়া ভ্রমণ নিয়ে ঢাকা-মস্কো সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কূটনৈতিক ও দাপ্তরিক পাসপোর্টধারী ব্যক্তিদের ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ সমঝোতা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে বৈঠক হয়। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী নিজ নিজ দেশের পক্ষে ওই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী গতকাল শুক্রবার বলেন, এই সমঝোতা বাস্তবায়িত হলে দুই বন্ধুপ্রতিম দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী আগামী বছরের প্রথম দিকে রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের ঢাকা সফরের সম্ভাব্যতা বিষয়ে আলোচনা করেন।
দুই দেশের সরকারের মধ্যে সহযোগিতা বৃদ্ধি ও সমুদ্র-উপকূল নিয়ে সহযোগিতার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এ বিষয়গুলোতে বিস্তারিত আলোচনার জন্য প্রতিনিধিদল পাঠানোর ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছে রুশ কর্তৃপক্ষ।