ভারতীয় চিকিৎসকেরা অভিযোগ করেছেন, ভিসা জটিলতার কারণে বাংলাদেশের রোগীরা উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে পারছে না। গতকাল শুক্রবার চট্টগ্রামে অ্যাপোলো গ্লেনগ্লেস হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে হাসপাতালের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা অমরেন্দ্র সরকার, বিশেষজ্ঞ চিকিৎসক রবিন চক্রবর্ত্তী ও অরুন্ধতী চক্রবর্ত্তী উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, বাংলাদেশ থেকে প্রায় ৩০ শতাংশ রোগী ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে যায়। কিন্তু সময়মতো ভিসা না দেওয়ায় অনেক রোগী উন্নত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। রবিন চক্রবর্ত্তী বলেন, ‘আমার কাছে অনেক রোগী ভিসার বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন। আমরা দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে কথা বলেছি। আশা করি, দুই-তিন মাসের মধ্যে এটা কেটে যাবে।’ ভারতে গিয়ে অনেকে টাউট-বাটপারদের হাতে পড়ছেন উল্লেখ করে রবিন বলেন, চট্টগ্রামে অ্যাপোলো হাসপাতালের আঞ্চলিক কার্যালয় রয়েছে। এ কার্যালয়ের মাধ্যমে যোগাযোগ করে উন্নত চিকিৎসার জন্য রোগীরা ভারত যেতে পারে।