ভিসা জামানত পরিকল্পনা বাতিল করেছে যুক্তরাজ্য
তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত বাংলাদেশসহ ছয় দেশের নাগরিকদের ভিসা জামানতের পরিকল্পনা বাদ দিয়েছে যুক্তরাজ্য। চলতি মাসে পরীক্ষামূলকভাবে তিন হাজার পাউন্ড ভিসা জামানত চালুর কথা ছিল।
ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসনের বরাত দিয়ে হাইকমিশন গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের খবরটি নিশ্চিত করেছে।
যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নেতৃত্বাধীন জোট সরকারের পরিকল্পনায় বলা হয়েছিল, অবৈধ অভিবাসন ঠেকাতে ‘অতি ঝুঁকিপূর্ণ’ কমনওয়েলথভুক্ত ছয়টি দেশের নাগরিকদের ভিসা আবেদনের সঙ্গে জামানত হিসেবে দিতে হবে তিন হাজার পাউন্ড। ভিসার নির্ধারিত মেয়াদের মধ্যে দেশে না ফিরলে বাজেয়াপ্ত হবে জামানতের টাকা। ‘অতি ঝুঁকিপূর্ণ’ ছয়টি দেশ হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নাইজেরিয়া ও ঘানা।
গণমাধ্যমে এ পরিকল্পনার খবর প্রচারের পর সমালোচনা শুরু হয়। কারণ এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তা লোকজনের যুক্তরাজ্য যাওয়াকে নিরুৎসাহিত করবে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গত রোববার বলেন, ‘পরীক্ষামূলকভাবে ভিসার জামানত চালু করা ভিসার মেয়াদ শেষেও লোকজনকে যুক্তরাজ্যে অবস্থান রোধ করবে কি না সরকার তা খতিয়ে দেখেছে। আমরা এ পরিকল্পনা নিয়ে আর না এগোনোর সিদ্ধান্ত নিয়েছি।’
এ প্রসঙ্গে রবার্ট গিবসন বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে যুক্তরাজ্য সবচেয়ে মেধাবী ও সেরাদের স্বাগত জানায়। আপনি যদি বিদেশি ব্যবসায়ী হিসেবে বিনিয়োগ ও বিশ্বমানের ব্যবসা করতে চান, হাজারো আইনসম্মত শিক্ষার্থীর একজন হিসেবে আমাদের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে চান, কিংবা বিশ্বমানের পর্যটনকেন্দ্রগুলোতে ঘুরতে চান, যুক্তরাজ্য সব সময় উন্মুক্ত।