ভিসা জালিয়াত চক্রের ৬ সদস্য যন্ত্রপাতিসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে অত্যাধুনিক যন্ত্রপাতিসহ ভিসা জালিয়াত চক্রের ছয়জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে নগরের জিন্দাবাজার এলাকায় অভিযান চালিয়ে জাল ভিসা, পাসপোর্ট, বিদেশি ড্রাইভিং লাইসেন্স, ওয়ার্ক পারমিটসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হচ্ছেন: জামান প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী এবং সিলেট প্রেস ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এম কে জামান আহমদ, দোকানের কর্মকর্তা বেলালউদ্দিন (৪৬), ছানোয়ার হোসেন (৪২), মোস্তাফিজুর রহমান (৩৫), মো. হাবিব (২০) ও মো. জুনেদ আহমদ (১৯)। তাঁদের নিয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে গতকাল রাত সোয়া নয়টায় সংবাদ সম্মেলন করে পুলিশ। তাঁদের কাছ থেকে যুক্তরাষ্ট্র, জাপান, ইতালিসহ বিভিন্ন দেশের জাল ভিসা, বিভিন্ন দূতাবাসের মনোগ্রাম, সিল, পাঁচটি জাল পাসপোর্টসহ এসব তৈরিতে ব্যবহূত আধুনিক যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।