ভিসা না পাওয়ায় রওনা হতে পারেননি ৪১৯ হজযাত্রী
ভিসা না পাওয়ায় ৪১৯ জন হজযাত্রী আজ সোমবার সকালে সৌদি আরবের উদ্দেশে রওনা হতে পারেননি। সরকারি ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইটে তাঁদের যাওয়ার কথা ছিল। এ বছরই প্রথম হজে যাওয়ার জন্য অনলাইনে ভিসার আবেদন বা ই-ভিসা চালু করা হয়।
আশকোনা হজ অফিস থেকে বলা হচ্ছে, সৌদি দূতাবাসের সার্ভারে ত্রুটির কারণে ভিসা পাওয়া যায়নি। এই যাত্রীদের নতুন করে ফ্লাইটের শিডিউল দেওয়া হবে।
হজ অফিসের সহকারী হজ কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, সৌদি দূতাবাসের নতুন সার্ভার। সেখানে হজযাত্রীদের ছবি সংযুক্ত হচ্ছে না। এ কারণে ভিসা পেতে দেরি হচ্ছে। এই কর্মকর্তা আরও জানান, এ ব্যাপারে আলোচনা চলছে। হজ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা দূতাবাসে গেছেন। আশা করা হচ্ছে আজ রাতের দিকে এই হজযাত্রীরা সৌদির উদ্দেশে রওনা হতে পারবেন।
ভিসা না পাওয়া হজযাত্রীদের একজন মোস্তফা শিকদার। তিনি প্রথম আলোকে বলেন, হজে যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও জিনিস গতকালই তাঁদের দেওয়া হয়েছে। আজ সকাল ৯টা ৫ মিনিটে তাঁদের ফ্লাইট ছিল। কিন্তু ফ্লাইটের সময়ের ঘণ্টা তিনেক আগে তাঁদের জানানো হয় ভিসা আসেনি। তিনি বলেন, ‘হজে যাব ইবাদতের জন্য। কিন্তু এখনো নিশ্চিত নই কখন রওনা হতে পারব।’
গতকাল রাতে সৌদি আরবে ই-হজ সিস্টেমে ভিসার ছবি প্রসঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, সৌদি দূতাবাসের ভিসা প্রিন্টিং সিস্টেমে সৌদি আরবের ই-হজ সিস্টেমের অনুমোদিত ফটো কিছু কিছু ক্ষেত্রে ভিসার জন্য প্রিন্ট করা সম্ভব হচ্ছে না। তাই দূতাবাসের নিয়মানুযায়ী ছবি দিতে বলা হয়েছে। এ ছাড়া ছবি দিতে ফায়ারফক্স ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করতে বলা হয়েছে।
এবার বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জনের হজ পালনের কথা রয়েছে। এঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ২ হাজার ৭০০ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫১ হাজার হজযাত্রী পরিবহন করবে।
এবার ইকোনমি ক্লাসে হজযাত্রীদের বিমান ভাড়া ১ হাজার ৫১৫ ডলার ও বিজনেস ক্লাসে ২ হাজার ৫০০ ডলার নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে যোগ হবে অন্যান্য কর।
ইকোনমি ক্লাসের প্রত্যেক হজযাত্রী বিনা মূল্যে সর্বাধিক দুটি করে ৩২ ও বিজনেস ক্লাসে সর্বাধিক দুটি করে ৪২ কেজি ওজনের ব্যাগ এবং কেবিন ব্যাগে সাত কেজি মালপত্র নিতে পারবেন। প্রত্যেক হজযাত্রীর জন্য পাঁচ লিটার জমজমের পানি ঢাকায় নিয়ে আসা হবে এবং তা ঢাকা ফেরার পর হাজিদের দেওয়া হবে।
আরও পড়তে ক্লিক করুন