ভিসা পেলেন নাজবিন
কমনওয়েলথ যুব পুরস্কারজয়ী সওগাত নাজবিন খান অবশেষে যুক্তরাজ্যের ভিসা পেয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে ঢাকার ব্রিটিশ হাইকমিশন তাঁকে ভিসা দেয়। আজ বুধবার ভোরে লন্ডনের উদ্দেশে তাঁর ঢাকা ছাড়ার কথা।
কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের মধ্য থেকে চারজনকে দেওয়া হচ্ছে ‘কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস-২০১৬’। এঁদের একজন ময়মনসিংহের মেয়ে নাজবিন। লন্ডনে কমনওয়েলথ সপ্তাহের (১৪-১৮ মার্চ) অনুষ্ঠানে এই পুরস্কার ও সম্মাননা দেওয়া হবে। কিন্তু দিল্লির ব্রিটিশ ভিসা অফিস দুই দফায় নাজবিনের ভিসা প্রত্যাখ্যান করায় তাঁর এই অনুষ্ঠানে যোগদানে অনিশ্চয়তা দেখা দেয়। ১৩ মার্চ তাঁকে নিয়ে প্রথম আলোতে ‘কমনওয়েলথ যুব পুরস্কার পাচ্ছেন নাজবিন, তবে ভিসা মেলেনি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর কমনওয়েলথ দিবস উপলক্ষে গত সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক বলেন, তাঁরা নাজবিনকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
নাজবিন প্রথম আলোকে বলেন, সোমবার রাতে তাঁকে ব্রিটিশ হাইকমিশন থেকে ফোন করে মঙ্গলবার (গতকাল) সকালে হাইকমিশন কার্যালয়ে যেতে বলা হয়। সেখানে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁকে ভিসা দেওয়া হয়। তিনি আজ বুধবার ভোরে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন।