ভারতের ভিসা পাওয়ার ক্ষেত্রে ই-টোকেন নিয়ে সৃষ্ট সমস্যার বিষয়ে বাংলাদেশ সরকার অবগত আছে। ভারত সরকার সমস্যার সমাধান করতে ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে।
জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সাংসদ এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ কথা বলেন। প্রশ্নোত্তরের সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তির বিষয়টি ভারত সরকার ও ঢাকায় ভারতীয় হাইকমিশনকে জানানো হয়েছে। তারা সমস্যাটি সমাধানে কিছু পদক্ষেপ নিয়েছে, আরও পদক্ষেপ নিচ্ছে। ভারতীয় কর্তৃপক্ষকে ভিসা দেওয়ার পদ্ধতি আরও কার্যকর করার অনুরোধ করা হয়েছে।
মন্ত্রী বলেন, প্রতিটি দেশের ভিসা দেওয়ার ক্ষেত্রে দূতাবাসগুলোর নিজস্ব নীতিমালা রয়েছে। বাংলাদেশি নাগরিকদের সুবিধার জন্যই ভারতীয় দূতাবাস অনলাইনে ভিসা আবেদনের পদ্ধতি চালু করে। পুরোনো পদ্ধতিতে ফিরে গেলে ভিসা আবেদনকারীদের সমস্যা আরও বাড়বে।
শামসুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘গত ২৮ আগস্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছিলেন। বিষয়টি নিয়ে কথা হয়েছে। ইতিমধ্যে ৬৫ বছরের বেশি এবং ১৩ বছরের কম বয়সীদের ৫ বছরের ভিসা দেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছে ভারত। আবেদনকারীদের ভিড় কমাতে ভারত ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে ভিসা সেন্টার খোলার আগ্রহ প্রকাশ করেছে। আমরা বিষয়টি বিবেচনা করছি। এটা করা সম্ভব হলে ভিসা পাওয়া সহজ হবে।’
সাংসদ মো. মামুনুর রশিদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সরকার পুলিশ বাহিনীতে ৫০ হাজার জনবল বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে। অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাজধানীতে সব সিগন্যাল বাতি সচল না থাকায় যানবাহনের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে ট্রাফিক পুলিশকে অনেক সময় হাতের ইশারার মাধ্যমে গাড়ি পারাপার করতে হয়।
সাংসদ মোহাম্মদ ইলিয়াছের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ভারতে নতুন সরকার গঠিত হওয়ার পরও তিস্তা চুক্তি সম্পাদনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক যোগাযোগ ও চাপ অব্যাহত আছে। এ নিয়ে ভারত জানিয়েছে, চুক্তির বিষয়টি তাদের সক্রিয় বিবেচনায় আছে। এ জন্য তারা অভ্যন্তরীণ রাজনৈতিক ঐকমত্য গঠনের চেষ্টা চালাচ্ছে।