কূটনৈতিক প্রতিবেদক:aবাংলাদেশে ‘অন অ্যারাইভাল’ ভিসার (আগমন-পরবর্তী ভিসা) অপব্যবহার করে তুরস্কের এনজিও প্রতিনিধিদল সঠিক কাজ করেনি। এ ছাড়া কোনো বিষয়ে সমস্যা কিংবা বিভ্রান্তি সৃষ্টি করা কোনো বন্ধুপ্রতিম রাষ্ট্রের কাজ নয়। গতকাল মঙ্গলবার এক গোলটেবিল বৈঠকে সম্প্রতি ঢাকা সফরকারী তুরস্কের একটি এনজিও প্রতিনিধিদলের প্রশ্নবিদ্ধ ভূমিকা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তির দর্শন ‘পিপলস এমপাওয়ারমেন্ট’ (জনগণের ক্ষমতায়ন) জাতিসংঘে সর্বসম্মতভাবে গৃহীত হওয়া উপলক্ষে আয়োজিত ওই আলোচনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। ‘সমুন্নত বাংলাদেশ’ রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিশ্বশান্তি, উন্নয়ন, প্রগতি এবং শেখ হাসিনা’ শীর্ষক এ গোলটেবিলের আয়োজন করে। তুরস্কের এনজিও ক্যানসুয়ু এইড অ্যান্ড সলিডারিটি অ্যাসোসিয়েশনের ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল ২০ থেকে ২৪ ডিসেম্বর ঢাকা সফর করে। তুরস্কের সাবেক প্রতিমন্ত্রী লুতফু সেনজুনের নেতৃত্বাধীন দলটির সদস্যদের মধ্যে ছিলেন সংসদ সদস্য, রাজনীতিবিদ ও আইনজীবী। তাঁদের মধ্যে ছিলেন তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (এ কে) পার্টি ও ডানপন্থী দল সাদেত পার্টির প্রতিনিধি। প্রসঙ্গত, এ কে পার্টি মধ্য ডান তথা ইসলামপন্থী দল হিসেবে পরিচিত। বাংলাদেশ সফরের সময় তুরস্কের প্রতিনিধিদলটি যুদ্ধাপরাধের বিচার পর্যবেক্ষণের পাশাপাশি আইনমন্ত্রী শফিক আহমেদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদীন, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ, আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামালের সঙ্গে বৈঠক করেছে। চলমান মানবতাবিরোধী অপরাধের বিচারে আসামিদের পক্ষে লবিং করতেই দলটি ঢাকা সফর করে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলও রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে লেখা চিঠিতে এই বিচার-প্রক্রিয়া নিয়ে তাঁর উদ্বেগের কথা জানান। গতকাল সিরডাপের গোলটেবিল বৈঠকে তুরস্কের প্রতিনিধিদলের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, সে দেশটির (তুরস্ক) সঙ্গে ভিসাসংক্রান্ত চুক্তি আছে। সে অনুযায়ী কিছু বিশেষ শ্রেণীতে আগমন-পরবর্তী ভিসা দেওয়া হয়। সেই সুযোগটিকে কাজে লাগিয়ে তারা (তুর্কি এনজিও প্রতিনিধিদলটি) এ রকমের একটি কাজ করেছে। সেটি নিশ্চয়ই কোনো সঠিক কাজ নয়। কারণ, এ ধরনের (অন অ্যারাইভাল ভিসা) সুবিধা থাকলেই কেউ তার অপব্যবহার করতে পারে না।দীপু মনি বলেন, এ ধরনের ভিসা-সুবিধার ক্ষেত্রে কী কারণে এ সুবিধা দেওয়া হচ্ছে, সেটি নির্দিষ্ট করা আছে। কাজেই সে সুবিধা নিয়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যাওয়া, কোনো ব্যক্তির সঙ্গে দেখা করা—এ ব্যাপারেও তাদের সীমাবদ্ধতা আছে। তিনি বলেন, ‘নিশ্চয়ই যে কেউ চাইলেই ট্রাইব্যুনালের বিচার-প্রক্রিয়া দেখতে যেতে পারে। কারণ, এটি ক্যামেরা ট্রায়াল নয়। কোনো বন্ধুরাষ্ট্র থেকে এসে কেউ যদি আমাদের কোনো মন্ত্রীর সঙ্গে কথা বলতে চায়, নিশ্চয়ই আমরা তাদের সঙ্গে কথা বলব। তবে এটি নিয়ে কোনো ধরনের সমস্যা বা বিভ্রান্তি তৈরি করা কোনো বন্ধুরাষ্ট্রের করণীয় হতে পারে না।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট রাষ্ট্রটির সঙ্গে ‘যথাযথ পর্যায়ে যথাযথ ব্যবস্থা’ নেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে অংশ নেন পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত ও সাংবাদিক মাসুদা ভাট্টি।আইনমন্ত্রী বললেন: আইনমন্ত্রী গতকাল বিবিসিকে বলেন, তুরস্কের প্রতিনিধিরা তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি ওই প্রতিনিধিদের বলেছেন, মানবতাবিরোধী অপরাধে যাঁরা অভিযুক্ত হয়েছেন, তাঁরা আন্তর্জাতিক তদবিরকারী নিয়োগ করেছেন। এসব তদবিরকারীর দ্বারা প্রভাবিত হয়ে যদি কেউ আসে বা বিদেশে এই বিচার সম্বন্ধে কোনো বিরূপ মন্তব্য করতে চায়, তাহলে তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল হবে।