ভিসি পদের জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে: প্রাণ গোপাল
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্তের উপাচার্য পদের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর মার্চে। পদটিতে যেতে এখনই প্রতিযোগিতায় নেমেছেন কেউ কেউ। গতকাল শনিবার সোসাইটি অব ট্রান্সপ্লান্টেশন, বাংলাদেশের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রাণ গোপাল দত্ত নিজেই এসব কথা বলেন।
প্রাণ গোপাল বলেন, ‘ভিসি হিসেবে আমার মেয়াদ আছে আগামী বছরের মার্চ পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপাচার্য পদে দায়িত্ব পালন শেষে বিভাগে ফিরে যান। কিন্তু আমি মনে করি অধ্যাপক হিসেবে সর্বোচ্চ পদে দায়িত্ব পালনের পর আমার আর ফিরে যাওয়া উচিত হবে না। আমার মেয়াদ শেষ শুনেই ভিসি পদ নেওয়ার জন্য কম্পিটিশন শুরু হয়ে গেছে।’
হতাশা প্রকাশ করে প্রাণ গোপাল বলেন, অনেকেই তাঁর প্রশংসা করেন। কিন্তু তিনি ব্যর্থ। কারণ, চিকিৎসকদের তিনি আটটা থেকে আড়াইটা পর্যন্ত হাসপাতালে রাখতে পারেননি। তিনি আরও বলেন, ‘আমি স্রষ্টায় বিশ্বাসী। আমাদের সব অঙ্গ-প্রত্যঙ্গ দুটি করে। কিন্তু জিব, হৃৎপিণ্ড আর যৌনাঙ্গ একটি। নিশ্চয়ই স্রষ্টার কোনো দর্শন আছে। একটিমাত্র জিব ব্যবহার করে আমরা কত কথা বলছি। দুটি হলে সারাক্ষণ শুধু কথাই বলতাম। আর গতকালও আমার বিশ্ববিদ্যালয়ে রোগীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।’
গতকাল শনিবার থেকে শুরু হয়েছে সোসাইটি অব ট্রান্সপ্লান্টেশন, বাংলাদেশের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনার। সম্মেলনের স্লোগান, ‘মরণোত্তর অঙ্গদানে অঙ্গীকার করুন—জীবন বাঁচান’।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘মস্তিষ্কের মৃত্যুর পরও হৃৎস্পন্দন থাকে। অঙ্গ-প্রত্যঙ্গ সংগ্রহের উদ্যোগ নিলে আত্মীয়স্বজনের মনে হতে পারে এখনো স্বজনের মৃত্যু হয়নি। তাকে খুন করা হচ্ছে। আমরা প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে গেছি। মানসিকভাবে এগোতে হবে।’
বিএসএমএমইউর উপাচার্য সংবাদমাধ্যমের ভূমিকার সমালোচনা করে বলেন, ‘কিডনি প্রতিস্থাপনের কাজ আগের মতো হচ্ছে না। পত্রিকা কিডনি বিপ্লব ঘটিয়ে ফেলল। কিছুসংখ্যক লোকের কারণে চিকিৎসকেরা এখন ভয় পান। যাঁরা জড়িত তাঁদের তো কিছু হলো না, আমরা পিছিয়ে গেলাম।’
সোসাইটি অব ট্রান্সপ্লান্টেশনের সভাপতি হারুন-উর-রশিদ মরণোত্তর অঙ্গ-প্রত্যঙ্গ দানের কাজটি শুরুর জন্য তিনি বিএসএমএমইউকে আহ্বান জানান।