ভিসির পক্ষে মানববন্ধন করতে শিক্ষার্থীদের বাধ্য করা হয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপাচার্যের পক্ষে ক্যাম্পাসে মানববন্ধনে অংশগ্রহণে কৌশলে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে একটি পত্রিকায় সংবাদ প্রকাশ করার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই কর্মসূচির আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীরা বিকেল তিনটায় প্রশাসনিক ভবনের সামনে ওই মানববন্ধন করেন।শিক্ষার্থীদের অভিযোগ, গতকাল বেলা দুইটায় তাঁদের সেমিস্টার টার্ম পরীক্ষা শেষে শহরে ফেরার জন্য বাসস্ট্যান্ডে গিয়ে জানতে পারেন কর্তৃপক্ষের নির্দেশে ভিসির পক্ষে মানববন্ধন শেষ না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। এই অবস্থায় তাঁদের অনেকে বিকল্প যানবাহনে শহরে ফিরতে বাধ্য হন। এতে তাঁরা ভোগান্তির শিকার হন। খোঁজ নিয়ে জানা গেছে, উপাচার্যের পক্ষে, সংবাদপত্রের বিরুদ্ধে আয়োজন করা মানববন্ধনে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করতে বাধ্য করার জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগের পাঁচটি বাস সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এ কারণে বেলা দুইটায় পরীক্ষা শেষে ছাত্রছাত্রীরা বাসস্ট্যান্ডে গিয়েও বাস না ছাড়ার কারণে সেখান থেকে ফিরে যায়। সূত্র জানায়, মানববন্ধন শেষে বিকেল চারটার দিকে আবার ক্যাম্পাস থেকে বাস চলাচল শুরু হয়।এ বিষয়ে জানার জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন কর্মকর্তা রবিউল হাসানের মুঠোফোনে ফোন করলে তিনি মিটিংয়ে আছেন, পরে কথা বলবেন বলে জানান। কিন্তু পরে একাধিকবার ফোন করলেও তিনি আর ফোন ধরেননি।পরে একই বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার মো. মমিনুল হক বলেন, ‘বাস চলাচল বন্ধ ছিল কি না তা তাঁর জানা নেই। তবে ছাত্রছাত্রীরা যারা ছিল তারা তো স্বতঃস্ফূর্তভাবেই উপস্থিত ছিল। কাউকে মানববন্ধনে অংশ নিতে বাধ্য করার কথা ঠিক নয়।’মানববন্ধনে শিক্ষকদের পক্ষ থেকে মো. রবিউল হাসান রনি, আবদুল্লাহ-আল মামুন, মোহামঞ্চদ সেলিম হোসেন, মো. জাহাঙ্গীর সরকার এবং কর্মকর্তাদের পক্ষ থেকে আবদুল্লাহ হিল ফারুক ও রেজিস্ট্রার মো. মমিনুল হক প্রমুখ বক্তব্য দেন।