কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদটি দীর্ঘদিন ধরে শূন্য। এ কারণে একাডেমিক ও প্রশাসনিক কাজে স্থবিরতা দেখা দিয়েছে। সেশনজটের আশঙ্কা করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, ৩০ জুন উপাচার্য আবদুল হাকিম সরকারকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে পদটি শূন্য রয়েছে।
একাধিক শিক্ষক ও কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, উপাচার্যের পদটি শূন্য থাকায় বিভিন্ন দপ্তরের অনেক ফাইল স্বাক্ষর বন্ধ রয়েছে। অনুমোদনের অভাবে বিভিন্ন বিভাগের পরীক্ষা কমিটি করা সম্ভব হচ্ছে না। অনেক বিভাগের বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা কবে নেওয়া হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বড় ধরনের সেশনজটের আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অধীনে মাদ্রাসার যেসব ফাজিল ও কামিল পরীক্ষা সম্পন্ন হয়েছে, উপাচার্য না থাকায় সেগুলোর ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা, সিন্ডিকেট ও নীতিনির্ধারণী সভাও হচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত হিসাব পরিচালক আকামদ্দিন বিশ্বাস প্রথম আলোকে বলেন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতায় এখনো সমস্যার সৃষ্টি হয়নি। তবে এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে বেতন-ভাতা দিতে প্রশাসনকে বড় রকমের সমস্যার সম্মুখীন হতে হবে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ বলেন, শিগগির উপাচার্য নিয়োগ দেওয়া না হলে সার্বিক কার্যক্রম বাধাগ্রস্ত হবে।