ভিসেরা পরীক্ষায় অনেক প্রশ্নের জবাব মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ভিসেরা পরীক্ষায় র‌্যাবের করা বেশির ভাগ প্রশ্নের জবাব নেই ঢাকা মেডিকেলের ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে। বিশেষজ্ঞদের অভিমত, কিছু প্রশ্ন ছিল ভিসেরা পরীক্ষার বৈশিষ্ট্যের সঙ্গে সংগতিহীন।জানতে চাইলে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের শিক্ষক কামরুল হাসান প্রথম আলোকে বলেন, মৃত্যুর এত দিন পর বিষক্রিয়া ছাড়া অন্য কোনো বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়া উন্নত বিশ্বের পক্ষেও কঠিন।গত ১১ ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে এই সাংবাদিক দম্পতির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। ডিবি পুলিশ আদালতে এ ঘটনার তদন্তে ব্যর্থতার কথা স্বীকার করলে মামলাটির তদন্তের ভার পড়ে র‌্যাবের ওপর। র‌্যাব রাসায়নিক (ভিসেরা) পরীক্ষা করতে সাগর-রুনির লাশ তোলার নির্দেশ দিতে আদালতে আবেদন করে। ৭৫ দিন পর ২৬ এপ্রিল আদালতের নির্দেশে আজিমপুর কবরস্থান থেকে লাশ তোলা হয়। মহাখালীর পরীক্ষাগারে রাসায়নিক পরীক্ষার জন্য লাশের কিছু নমুনা পাঠানো হয়। সম্প্রতি পরীক্ষাগার থেকে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে প্রতিবেদন পাঠানো হয়।ফরেনসিক বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী, পরীক্ষায় বিষক্রিয়া, চেতনানাশক কিংবা রাসায়নিক কোনো বিষয়ের উপস্থিতি পাওয়া যায়নি।ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভিসেরা পরীক্ষার ক্ষেত্রে র‌্যাব ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে সাগরের ব্যাপারে ১১টি ও রুনির ব্যাপারে ১০টি প্রশ্ন জানতে চায়। উভয়ের ক্ষেত্রে প্রধান প্রশ্নটি ছিল, হত্যার আগে তাঁদের শরীরে বিষ, চেতনানাশক কিংবা অন্য কোনো রাসায়নিক পদার্থ প্রয়োগ করা হয়েছিল কি না। তা ছাড়া কে আগে মারা গেছে, আঘাতের কতক্ষণ পর মারা গেছে, আঘাতের গভীরতা কেমন ইত্যাদি প্রশ্ন করে র‌্যাব।ভিসেরা প্রতিবেদন তৈরির সঙ্গে সংশ্লিষ্ট একজন প্রথম আলোকে বলেন, বিষক্রিয়া নিয়ে র‌্যাব একই ধরনের বেশ কয়েকটি প্রশ্ন করেছে। প্রথমে বিষক্রিয়ার উপস্থিতি আছে কি না জানতে চাওয়া হলে আবার আরেকটি প্রশ্নে কিডনি ও লিভারে বিষ ও রাসায়নিক জাতীয় পদার্থ আছে কি না, রক্তে বিষজাতীয় কিছু আছে কি না, জানতে চাওয়া হয়। তিনি বলেন, ‘সাধারণত লাশ পচে গেলে বিষক্রিয়ার আলামত শনাক্ত করা কঠিন। এ জন্য আমরা সাগর-রুনির কবরের কিছু মাটিও নমুনা হিসেবে সংগ্রহ করেছিলাম। কিন্তু দীর্ঘ আড়াই মাস পর আঘাতে জর্জরিত একজন মানুষের মৃতদেহ থেকে রক্ত খুঁজে পাওয়াও সম্ভব না।’সূত্র জানায়, কে আগে মারা গেছেন। এ প্রশ্নের ব্যাপারে ময়নাতদন্ত করা একজন ফরেনসিক বিশেষজ্ঞ বলেন, তাৎক্ষণিকভাবে হলেও এটা জানা কঠিন একটা ব্যাপার। দীর্ঘ সময় পর এটা বের করা কখনোই সম্ভব নয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক কাজী গোলাম মোখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, মারা যাওয়ার পর পুলিশ যদি সুরতহালে বিষ বা অন্য কোনো রাসায়নিক পদার্থের ব্যাপারে সন্দেহের কথা উল্লেখ করে, তখন ভিসেরা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। আবার যখন মৃত্যুর কারণ বোঝা যায় না, তখন ভিসেরা পরীক্ষা করা হয়।র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল বলেন, ‘আগের প্রতিবেদনে কিছু উত্তর ছিল না বলেই তদন্ত কর্মকর্তা প্রশ্নগুলো করে তা জানতে চেয়েছেন। প্রশ্ন কী, কোনটা, কীভাবে কতবার করা হয়েছে, সে ব্যাপারে আমিও বুঝব না, আপনিও বুঝবেন না। একমাত্র তদন্ত কর্মকর্তাই জানেন।’রুনির ভাই নওশের আলম প্রথম আলোকে বলেন, ‘আগে থেকেই আমাদের মনে হয়েছে, ভিসেরা পরীক্ষার নামে অযথা সময়ক্ষেপণ করা হচ্ছে। শেষ পর্যন্ত তা-ই প্রমাণিত হলো।’