ভিড় এখন সেমাইয়ের দোকানে

ঈদে আপ্যায়নের অন্যতম অনুষঙ্গ সেমাই। শুধু অতিথি আপ্যায়নে নয়, অনেকেরই পবিত্র ঈদুল ফিতরের দিন শুরু হয় সেমাই খেয়ে। তাই ঈদের কেনাকাটার শেষ পর্যায়ে মানুষ এখন ছুটছে সেমাই-চিনি কিনতে।
গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানের মুদি দোকান ও সুপার শপগুলোয় সেমাই-চিনি কিনতে দেখা গেছে ক্রেতাদের।
‘এক মাসের রোজার পর ঈদের দিন সকালে সেমাই খেয়েই দিন শুরু করি। এরপর ঈদের নামাজে যাই। এ কারণে রোজার ঈদে সেমাই ছাড়া চলে না। তবে সেমাইটা কেনা হয় সবার শেষে।’ গতকাল মেরুল বাড্ডার একটি সুপার শপে বাজার করতে আসা মো. ইয়াসিন হক প্রথম আলোকে কথাগুলো বলছিলেন।
রামপুরায় আরেকটি সুপার শপে গিয়ে দেখা যায়, সামনেই সাজিয়ে রাখা আছে বিভিন্ন ব্র্যান্ডের সেমাই। এখানে বনফুল, প্রাণ, ওয়েল ফুড, কুলসন, কিশোয়ান, ড্যানিশ ও প্রিন্স ব্র্যান্ডের ২০০ গ্রাম লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। আর ৫০০ গ্রামের স্পেশাল লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২০ টাকায়। এখানে ভারতের পশ্চিমবঙ্গের হলদিরাম ভুজিওয়ালা নামের একটি ব্র্যান্ডের সেমাইও দেখা যায়। লাচ্ছা সেমাইটির ২০০ গ্রামের দাম ১৬০ টাকা। এখানে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আখের চিনির দাম ৭০ টাকা, ফ্রেশ চিনি ৭৩ টাকা, তীর ৭২ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে।
এ ছাড়া এখানে বিভিন্ন প্যাকেটজাত সেমাই ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের ঘি, কিশমিশ, বাদাম, মসলা, দারুচিনি, এলাচি, গুঁড়ো ও তরল দুধ বিক্রি হচ্ছে।
এই সুপার শপের সহকারী ব্যবস্থাপক রাজীব আহমেদ বলেন, ‘ক্রেতারা সাধারণত ঈদের কয়েক দিন আগে থেকে সেমাই কিনতে শুরু করেন। আজ আমাদের শপে সেমাই বিক্রি বেড়েছে।’
গতকাল কারওয়ান বাজারের পাইকারি সেমাইয়ের দোকানগুলোয়ও ক্রেতাদের বেশ ভিড় দেখা গেছে। কারওয়ান বাজারের বিক্রেতারা বলেন, পোশাক কেনা শেষে লোকজন এখন সেমাই-চিনি কিনছেন।
সদাইয়ের একটি তালিকা করে গতকাল কারওয়ান বাজারে এসেছিলেন শাহিদা বেগম। তালিকা অনুযায়ী কেনাকাটা করছিলেন তিনি। চাল, তেল, লবণ থেকে শুরু করে সেমাই-চিনি ছিল ওই তালিকায়। তিনি বলেন, ‘ঈদের দুই দিন বাকি। এখন থেকে ঈদের দিনের রান্নার জন্য সব জিনিসপত্র গোছাতে হবে। আজ (গতকাল) সব কিনে নিয়ে যাচ্ছি। টুকটাক কিছু বাকি থাকলে পরে কিনে নেওয়া যাবে।’
কারওয়ান বাজারে ২০০, ৪০০, ৫০০ ও ৮০০ গ্রামের সেমাইয়ের প্যাকেট বিক্রি হচ্ছে। প্যাকেটজাত সেমাইয়ের পাশাপাশি এখানে খোলা সেমাইও বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারের বিভিন্ন দোকানে খোলা চিকন সেমাই বিক্রি হচ্ছে এক কেজি ৫০ টাকা করে। দুই ধরনের খোলা লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে এখানে। একটা সাদা, আরেকটা রঙিন। সাদা লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে প্রতি কেজি ৯০ থেকে ১২০ টাকায়, রঙিনগুলো ৯০-১০০ টাকায়। এখানে খোলা চিনির খুচরা মূল্য ৬৮ থেকে ৭০ টাকা।
ঈদ উপলক্ষে পোলাওয়ের চালও বেশ বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারে খোলা চাল মান ভেদে প্রতি কেজি ৯০-৯৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বিক্রি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের পোলাওয়ের চাল।
কারওয়ান বাজারে কিশমিশ ২০০ গ্রাম ১৩০ টাকা, আলুবোখারা ১০০ গ্রাম ৯০ টাকা, মিক্সড ফ্রুট ৫০ গ্রাম ৪৫ টাকা, পেস্তা বাদাম ১০০ গ্রাম ১৭০ টাকা, দারুচিনি ৫০ গ্রাম ২৮ টাকায় বিক্রি হচ্ছে।
কারওয়ান বাজারের রিফাত স্টোরের রিফাত হোসাইন বলেন, কারওয়ান বাজারে সব প্যাকেটজাত সেমাইয়ের প্যাকেটের গায়ে লেখা দামের চেয়ে পাঁচ টাকা কমে বিক্রি করা হচ্ছে। পাইকারি বাজার হওয়ায় সবাই এখানে কিনতে আসে।
কারওয়ান বাজারের আরেক সেমাই বিক্রেতা মো. দেলোয়ার বলেন, ‘শেষ দুই দিন সেমাইই চলব বেশি। এখন চাঁদ রাতের জন্য অপেক্ষা। তখন সেমাইয়ের বিক্রি আরও বাড়বে।’