
কে বলবে দিনটি রোববার, সপ্তাহের প্রথম কর্মদিবস? বিকেল সাড়ে তিনটায় শাহবাগ চত্বরের মুখ থেকেই অগণিত লোক। তরুণ-তরুণীর সংখ্যাই বেশি। ভালোবাসা দিবস আর ফাল্গুনের দ্বিতীয় দিনের উদাস হাওয়ায় আনন্দেই ঘুরে বেড়িয়েছেন তাঁরা।
শাহবাগ চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র পর্যন্ত ‘প্রাণসখা ঢাকা’র উৎসবের বিচিত্র আওয়াজ। সেই আওয়াজ ছড়িয়ে পড়েছে বইমেলায় যাওয়ার নাতিদীর্ঘ পথে। এই উৎসব-আবহে বইয়ের মেলায় লোক ঢুকছে লম্বা সারি বেঁধে।

দুপুরে কথা হয়েছিল অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলামের সঙ্গে। একটু সন্দিহান ছিলেন, আগের দিন শনিবার ছিল বলে সমাগম বেশি হয়েছে। আজ (রোববার) এতটা হবে না। কিন্তু বিকেলে বাংলা একাডেমিতে একটি বইয়ের মোড়ক উন্মোচন শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে তাঁকেও হিমশিম খেতে দেখা গেছে। সন্ধ্যায় আবার কথা হলে জানালেন, ভিড় ও বিক্রি দুটোই ভালো।
প্রকাশকেরা এবারের মেলা নিয়ে বেশ তুষ্ট। কাকলী প্রকাশনীর এ কে নাছির আহমেদ জানালেন, এবার তাঁদের বিক্রি বেশ ভালো। বিশেষ করে গত দুই দিন। সূচিপত্রের সাঈদ বারী বললেন, সব মিলিয়েই এবারের বিক্রি আগের যেকোনো মেলার চেয়ে ভালো। মেলায় ফাঁকা পরিসর বেশি বলে পাঠকেরা ঢুকতে পারছেন বেশি, ঘুরতে-ফিরতে পারছেন স্বস্তিতে।
শুধুই স্বস্তি? ‘ধুলো-বালুহীন বইমেলা—এ রকম কথা কল্পনাই করা যায় না। তাই বইমেলার ধুলো শরীরে মাখতে আমি তখনই যাই, যখন পত্রিকার পাতায় দেখি প্রিয় কোনো লেখক কিংবা নিজের কাঙ্ক্ষিত কোনো বই মেলায় এসেছে।’ বলছিলেন বাসাবো থেকে আসা আশিকুর রহমান। সোহরাওয়ার্দী উদ্যানের ২১৩ থেকে ২১৬ নম্বর প্রথমার স্টলের সামনে দাঁড়িয়ে ছিলেন প্রথম আলো পত্রিকা থেকে কেটে নেওয়া কয়েকটি বইয়ের বিজ্ঞাপন হাতে নিয়ে। নিজে কিনেছেন নবাব সিরাজ-উদ-দৌলা, আকবর আলি খানের আজব ও জবর-আজব অর্থনীতি, আনিসুল হকের জেনারেল ও নারীরা। স্ত্রী লিমা জোহরা তাঁকে উপহার হিসেবে দিয়েছেন মালেকা বেগমের শুভ্র সমুজ্জ্বল জীবনসঙ্গীর আয়নায় ও অন্যান্য।

মেলায় গতকাল অন্যপ্রকাশ থেকে আসা হুবমায়ূন আহমেদের সেরা দশ, হরিশংকর জলদাসের উপন্যাস একলব্য, সময় প্রকাশন থেকে আসা আনিসুল হকের লিফটে আটকে পড়া যুবক যুবতীরা, চন্দ্রাবতী থেকে আসা ইমদাদুল হক মিলনের তোমাদের জন্য উপহার, তাম্রলিপি থেকে প্রকাশিত গুলতেকিন খানের আজো, কেউ হাঁটে অবিরাম, ঐতিহ্য থেকে আসা হৃদয়ে আমার মির্জা গালিব বইগুলো বেশি চলেছে। এ ছাড়াও মেলায় আগামী প্রকাশনী এনেছে কর্নেল শওকত আলীর গণপরিষদ থেকে নবম জাতীয় সংসদ, অনন্যা এনেছে দন্ত্যস রওশনের শূন্য ও ইনজাম, অনিন্দ্য প্রকাশ এনেছে মোহিত কামালের দুখু, অ্যাডর্ন এনেছে কাজী আলিম-উজ-জামানের ভাঙা কাঠের সেতু, অন্যপ্রকাশ এনেছে সিদ্ধার্থ হকের শূন্যের ভিতরে, শিল্পতরু এনেছে সাইফুর রহমান চৌধুরীর দূর পাহাড়ের কান্না। বাংলা একাডেমি থেকে দেওয়া তথ্য অনুযায়ী গতকাল মেলায় আসা নতুন বইয়ের সংখ্যা ৯৩টি।

বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার হলে বিরুপাক্ষ পালের সিডনির পথে পথের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বইটি নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক পূরবী বসু ও শিশুসাহিত্যিক আলী ইমাম। একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। একই স্থানে সাংবাদিক সামিয়া রহমান সম্পাদিত কুতর্কে বিতর্কে গণমাধ্যম-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল, বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী মানিক, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহ্মেদ, সাংসদ ব্যারিস্টার ফজলে নূর তাপস, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রমুখ। বক্তব্য দেন বইয়ের প্রকাশক শ্রাবণ প্রকাশনের স্বত্বাধিকারী রবিন আহসান।
বিকেলে গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশে রবীন্দ্রচর্চা: অতীত থেকে বর্তমান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। আলোচনা করেন অধ্যাপক করুণাময় গোস্বামী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। সভাপতিত্ব করেন অধ্যাপক গোলাম মুরশিদ।