ভিড় কম, তবে বিক্রি বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রৌদ্র ও ছায়ার নকশা ওয়াসি আহমেদ কথাপ্রকাশ

অবসর পেলে মানুষের বুদ্ধিবৃত্তিক চর্চায় আগ্রহ বাড়ে কি না, বুঝতে চাইলে যেতে হবে বইমেলার উৎসবে। গতকাল বুধবার সোহরাওয়ার্দীর মাঠে যথারীতি সব সময়ের মতো চলছিল ছোট ছোট দলের ভিন্ন ভিন্ন আড্ডা। লেখকদের একটি দলের মধ্যে আলাপের প্রসঙ্গ ছিল ‘বই বিক্রি বনাম লেখক উপস্থিতি’। লেখকের উপস্থিতি বই বিক্রি বাড়ায় বক্তব্যের সঙ্গে দ্বিমত নেই কারও। প্রকাশকেরাও তাই বলেন।

তবে লেখকের সব সময় বইয়ের স্টলে উপস্থিত থাকা শোভন কি না, এ নিয়ে মতবিরোধ আছে। কথাসাহিত্যিক ও সাংবাদিক শাহ্‌নাজ মুন্নী এবারের মেলায় দ্বিতীয়বারের মতো উপস্থিত হয়েছেন গতকাল বিকেলে। তুলনামূলক অনুজদের বলছিলেন, ‘নিজের বইয়ের কাছে লেখক উপস্থিত থাকবেন খুব স্বাভাবিক। বইয়ের মায়া তো লেখকেরই বেশি। তবে বিক্রির দায়িত্বটা তাঁর নয়। পাঠক খুঁজে নিয়ে পড়লেই না লেখার সার্থকতা।’

এমন মন্তব্যে একটু দমে গেলেন আশপাশে উপস্থিত কোনো কোনো নবীন লেখক। কিছুটা ভাবনায় পড়লেও ব্যাপারটা আপাতত মুলতবি রেখে শুরু হলো ছবি তোলা। ক্যামেরার লেন্স মাঠের দিকে নিতেই বোঝা যাচ্ছিল, নারী দিবসের পরের দিনও আছে গোলাপি আর বেগুনি রঙের প্রবল প্রতাপ। ভিড় কম থাকলেও বিক্রি নিয়ে খুশি প্রকাশক আর দোকানের বিক্রেতারা। বলছিলেন, ছুটি হলেই ভিড় বাড়ে কিন্তু মানুষ এলেই যে বিক্রি বাড়ে, তা নয়। বরং কম ভিড়েও বিক্রি বেশি হয়। বুধবার (গতকাল) ছুটির দিন নয়, বিশেষ দিবস নয়। কিন্তু যাঁরা এসেছেন, তাঁরা বই উৎসবটাকে ভালোবেসেই আসা মানুষ।

বই যে মানুষ কিনছেন, সে প্রমাণ পাওয়া গেল সম্প্রতি বিভিন্ন ভিডিওতে ভাইরাল হওয়া লেখক রবিউল আলমের বক্তব্যে। রায়েরবাজার বধ্যভূমি নিয়ে লেখা এবং নিজ খরচে প্রকাশিত তাঁর বইটি এ মেলাতেই নাকি কয়েক হাজার কপি বিক্রি হয়েছে বলে দাবি করলেন তিনি।

আইন আদালত সংবিধান মিজানুর রহমান খান প্রথমা প্রকাশন

গতকাল প্রথমা থেকে এসেছে মিজানুর রহমান খানের আইন আদালত সংবিধান। এ বছর মেলায় আসা বইগুলোর বেশির ভাগই পাঠক ঘুরেফিরে কিনছেন।

বই বিক্রির আনন্দ নবীন, প্রবীণ লেখকদের মুখে হাসি হয়ে লেপ্টে আছে। জয়তী থেকে এবারই প্রথম বই এসেছে দেবাশীষ রঞ্জন সরকারের। বুকপকেটে শূন্যতাসমূহ কাব্যগ্রন্থ নিয়ে তিনি আত্মবিশ্বাসী। বোধের হৃদয়ে জ্বলে ওঠা এপিটাফ নামের বই হাতে নিয়ে কাউকে দিতে যাচ্ছিলেন লেখক মুজতবা আহমেদ মুরশেদ। সাংবাদিক জ ই মামুনকে দেখা গেল আগামী প্রকাশনীর স্টলে তাঁর বেহেস্তের মেজর বইটিতে অটোগ্রাফ দিচ্ছেন হাসিমুখে। চৈতন্য থেকে প্রকাশিত মু জাকির হোসেনের আত্মার সংলাপ নিয়ে লেখক নিজে বেশ আশাবাদী। মেলা মানেই অনেক মানুষের বহু রকমের আগ্রহ। সুফিবাদের পাশাপাশি মোটিভেশনাল বইয়ের বিক্রি ভালো হচ্ছে বলে জানালেন প্রকাশকেরা। অন্বেষা প্রকাশনী থেকে প্রকাশিত রিয়াজুল হকের আল-কুরআনের ঘটনাবলি নিয়েও প্রত্যাশা কম নয় লেখকের।

মেলার এ আনন্দযজ্ঞের মধ্যে একটু খটকা লাগল একটি ছোট্ট দৃশ্যে। হুইলচেয়ারে বসে থাকা নাম না জানা এক কিশোর পাঠককে ঘিরে আকস্মিক গণমাধ্যমের প্রবল আগ্রহ শুরু হলো। নিজের অবস্থায় সে যতটা বিব্রত, তার চেয়ে বেশি হয়তো ছিল ফ্লাশলাইটের আলো আর ক্রমাগত প্রশ্নে।