ভিড়, টিকিট দুটিই ছিল কমলাপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শুক্রবার সকাল থেকে শুরু হয় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। সকাল আটটা থেকে টিকিট বিক্রি শুরু হয়। তবে ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে কাউন্টারগুলোতে দেখা যায় টিকিটপ্রত্যাশী মানুষের ভিড়। এঁদের মধ্যে বেশির ভাগই ছিলেন শিক্ষার্থী। পাশাপাশি পরিবারের সদস্যদের জন্য টিকিট কাটতে চাকরিজীবী অনেকে এসেছিলেন।

আজ দেওয়া হয় ২৭ আগস্টের ট্রেনের টিকিট। মোট ২৩টি কাউন্টার থেকে টিকিট বিক্রি হয়। ভিড় থাকলেও তা অসহনীয় নয়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত অনেকটা নির্বিঘ্নেই টিকিট নিতে দেখা গেছে যাত্রীদের। নারীদের কাউন্টারে টিকিটপ্রত্যাশীদের ভিড় কম। সেখান থেকে টিকিট কাটার পর মৌসুমি আক্তার নামে এক নারী জানালেন, মাত্র ২০ মিনিটের মধ্যেই তিনি ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের টিকিট পেয়েছেন।

কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপর মিলল ঈদ উপলক্ষে বাড়ি ফেরার টিকিট। সেই টিকিট হাতে আনন্দিত একজন। ছবি: সাজিদ হোসেন
কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপর মিলল ঈদ উপলক্ষে বাড়ি ফেরার টিকিট। সেই টিকিট হাতে আনন্দিত একজন। ছবি: সাজিদ হোসেন

ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের যাত্রী আল ফাইদ। তাঁর দুর্ভোগ অবশ্য বেশি। ফাইদ জানালেন, ৩০ ও ৩১ আগস্ট টিকিটের চাহিদা বেশি। তাই আগেই মা-বাবার সঙ্গে রাজশাহী যাবেন তিনি। সকাল পৌনে ছয়টার দিকে স্টেশনে এসে লাইনে দাঁড়িয়েছেন। সাড়ে নয়টার দিকে টিকিট পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আবু জাভেদ। ২৭ তারিখের রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট নিতে এসেছেন তিনি। কাউন্টার খোলার পর জানতে পেরেছেন, ২৭ আগস্ট রোববার সাপ্তাহিক যাত্রাবিরতি থাকায় ট্রেনটি ছাড়বে না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এসব ব্যাপারে কথা হয় কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্ত্তীর সঙ্গে। তিনি জানান, ঈদের আগের পাঁচ দিন অর্থাৎ ২৮ আগস্ট থেকে সব ট্রেনের সাপ্তাহিক যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। এটা একদিন আগে (২৭ আগস্ট) পড়েছে। সে ক্ষেত্রে রংপুর এক্সপ্রেস ট্রেনের বিকল্প কী জানতে চাইলে তিনি বলেন, ঢাকা থেকে রংপুর রুটে লালমনি এক্সপ্রেস ও নীলসাগর ট্রেন আছে। সেগুলোতেও যাত্রীরা যেতে পারবেন। তিনি বলেন, ঈদ উপলক্ষে ঢাকা-পার্বতীপুর, ঢাকা-রাজশাহী, ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে বিশেষ ট্রেন চলবে। কিশোরগঞ্জের ভৈরব থেকে শোলাকিয়া পর্যন্ত এক জোড়া ট্রেন চলবে।

রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কমলাপুর থেকে প্রতিদিন ৩১টি ট্রেনের ২২ হাজার ৪৯৬টি টিকিট বিক্রি করা হবে। এর মধ্যে ২৫ শতাংশ অনলাইনে, ৫ শতাংশ ভিআইপি, ৫ শতাংশ রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ রয়েছে। বাকি ৬৫ শতাংশ টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হবে।

ট্রেনের অগ্রিম টিকিট ২২ আগস্ট পর্যন্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও চট্টগ্রাম রেলস্টেশনের নির্ধারিত স্থানে বিশেষ ব্যবস্থাপনায় প্রতিদিন সকাল আটটা থেকে দেওয়া হবে। ২৯ আগস্ট থেকে সাত জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।