ভিড় নেই অফিস ও ব্যাংকগুলোতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় দিনের ঈদের ছুটি পুষিয়ে নিতে সরকার গতকাল শনিবার অফিস, আদালত ও ব্যাংক খোলা রাখার ঘোষণা দেয়। তবে বগুড়ার দুপচাঁচিয়ার সরকারি অফিসে সাধারণ মানুষের ভিড় ছিল না। ব্যাংকগুলোতে দুই-একজন গ্রাহক দেখা গেলেও কর্মকর্তাদের দেখা মেলেনি।
বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন সরকারি কার্যালয় ঘুরে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীরা অনেকেই অফিসে এসেছেন। কিন্তু অলস সময় কাটাচ্ছেন। উপজেলার কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল হোসেন বলেন, কৃষকেরা তো পত্রিকা পড়েন না। আবার টিভির খবরও তেমন শোনেন না। তাই অফিসে কোনো লোকজন নেই। কিন্তু সরকারি নির্দেশ মোতাবেক তাঁদের অফিসে আসতে হয়েছে। এ সুযোগে কিছু পুরোনো কাজ সেরে নিচ্ছেন।
উপজেলা প্রকৌশলী নুরে আলম ছিদ্দিকী বলেন, তাঁদের কাজের চাপ বেশি। অন্য সময় কাজ শেষ করে বাড়ি ফিরতে রাত হয়ে যায়। আবার বাড়তি চাপ থাকলে ছুটির দিনেও কাজ করেন।
দুপচাঁচিয়া ইউনিয়ন ভূমি কার্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানেও কোনো ভিড় নেই। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাহাব উদ্দিন বলেন, আজ ছুটির দিন হলেও অফিস খোলা আছে, সেটা অনেকেই জানেন না। এমনিতে জমি খারিজ ও খাজনা দেওয়ার জন্য প্রতিদিন ভিড় থাকে।
তবে রূপালী ব্যাংকে দুপুর ১২টার দিকে গিয়ে দেখা যায়, ব্যাংকের প্রধান ফটক তালাবদ্ধ। আবদুল হাই নামের একজন গ্রাহক টাকা তুলতে এসে ফিরে যাচ্ছেন। তিনি বলেন, ‘টাকার বিশেষ দরকার, তাই প্রায় আধ ঘণ্টা ধরে ব্যাংকের গেটে দাঁড়িয়ে আছি।’
এ সময় মুঠোফোনে যোগাযোগ করা হলে ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু তাহের বিশ্বাস বলেন, ‘এ বছর থেকে ব্যাংকের এ শাখা উপজেলার শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার কাজ পেয়েছে। বগুড়ার অফিস থেকে কর্মকর্তারা এসেছেন। তাঁদের নিয়ে বিভিন্ন স্কুলে গিয়ে উপবৃত্তির টাকা দিতে হচ্ছে। এ জন্য ব্যাংকের লেনদেন বিকেলে করা হবে।’
সোনালী ব্যাংকের শাখায় দেখা হয় ব্যবসায়ী নাজমুল আরেফিনের সঙ্গে। তিনি বলেন, ‘গতকাল শুক্রবার টিভি চ্যানেলের মাধ্যমে জেনেছি শনিবার ব্যাংকসহ সরকারি অফিস-আদালত খোলা থাকবে। চালের মোকাম থেকে টেলিফোনে টাকা (টিটি) আসার কথা তাই অপেক্ষা করছি।’ তবে ব্যাংকের শাখা ব্যবস্থাপক ছিলেন না। জ্যেষ্ঠ কর্মকর্তা রিতেশ বসাক বলেন, ব্যবস্থাপক বগুড়ার কার্যালয়ে গেছেন। তিনি বিকেলে আসবেন। তিনি আরও বলেন, ছুটির দিন ব্যাংক খোলা আছে এমনটি অনেকেই জানেন না। তাই গ্রাহকদের ভিড় নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ পারভেজ বলেন, যতদূর মনে পড়ে ২০০৫ সাল থেকে সাপ্তাহিক দুদিন ছুটি চলছে। কিন্তু ছুটির দিনে কাজ করতে তাঁদের কোনো অসুবিধা হচ্ছে না।