ভিড় নেই, দুর্ভোগও নেই, আছে ঘরে ফেরার তাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর স্টেশনে এসে পৌঁছালে ট্রেনে উঠতে যাত্রীদের তাড়াহুড়ো। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: প্রথম আলো
রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর স্টেশনে এসে পৌঁছালে ট্রেনে উঠতে যাত্রীদের তাড়াহুড়ো। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: প্রথম আলো

সেনাবাহিনীর কর্মকর্তা তাজউদ্দিন মেয়েকে নিয়ে রাজশাহী যাবেন সিল্ক সিটি ট্রেনে করে। কমলাপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময় বেলা দুইটা ৪০ মিনিট। কিন্তু বেলা একটা থেকেই স্টেশনে এসে বসে আছেন তিনি। কেন? জানতে চাইলে বলেন, ‘ঢাকা শহরের রাস্তার জ্যামের তো কোনো বিশ্বাস নাই। আর তা ছাড়া বাড়ি পৌঁছানোর একটা আনন্দ আছে, স্টেশনে এসে বসে থাকলেও ভালো লাগে।’
চাকরিজীবী মো. আজাদ ও রিকশাচালক আবদুল আলিমও আগে থেকেই বসে আছেন স্টেশনে। তাঁরা যাবেন টাঙ্গাইল। আবার উল্টো চিত্রও আছে। রাজশাহী এক্সপ্রেসে করে পাবনার চাটমোহর যাবেন মো. মোশাররফ হোসেন ও মিজানুর রহমান। বেলা ১১টা ২০ মিনিটে কমলাপুর ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি কমলাপুর স্টেশনে এসে পৌঁছায় বেলা একটা ছয় মিনিটে। আর ছেড়ে যায় বেলা পৌনে দুইটায়।
আজ মঙ্গলবার কমলাপুর স্টেশন ও সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা যায় বাড়ি ফেরা মানুষের কোনো ভিড় নেই। নেই দুর্ভোগও। কমলাপুর রেল স্টেশনে কিছু যাত্রী থাকলেও পুরোপুরি ফাঁকা সায়েদাবাদ বাস টার্মিনাল। তবে সন্ধ্যার পর থেকে মানুষের ভিড় বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কমলাপুর রেল স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, গতকালকেই অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে। এখনো পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় হয়নি। একটি ছাড়া সব আন্তনগর ট্রেন ঠিক সময়ে ছেড়ে গেছে। তিনি বলেন, ‘এখনো যাত্রীদের তেমন ভিড় নেই। তবে সামনে ভিড় বাড়বে।’
কমলাপুরে যাত্রী সেবায় নিয়োজিত আছে ঢাকা রেলওয়ে থানা-পুলিশ, বাংলাদেশ স্কাউটসের ঢাকা রেলওয়ে জেলা ও র‍্যাব। স্কাউটস আর র‍্যাব-এর তথ্য কেন্দ্র আছে রেল স্টেশনে। ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম তাঁদের সেবা সম্পর্কে বলেন, যাত্রীদের সব ধরনের নিরাপত্তার দায়িত্বে পুলিশ ছাড়াও আনসার, র‍্যাব ও সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর লোক নিয়োজিত আছেন। এ ছাড়াও এ সব তথ্য কেন্দ্র থেকে ঢাকা রেলওয়ে থেকে প্রাপ্ত সব ধরনের তথ্য যাত্রীদের সরবরাহ করা হচ্ছে।
ফাঁকা সায়েদাবাদ: মূলত চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা ও সিলেট বিভাগের চারটি জেলার বাস ছাড়া হয় সায়েদাবাদ টার্মিনাল থেকে। আজ দুপুরে গিয়ে দেখা যায় বাস কাউন্টারগুলো ফাঁকা। কয়েকটি কাউন্টার থেকে মাইকে যাত্রীদের বিভিন্ন গন্তব্যে যেতে ডাকা হচ্ছে।

সায়েদাবাদের একটি বাস কাউন্টার। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: প্রথম আলো।
সায়েদাবাদের একটি বাস কাউন্টার। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: প্রথম আলো।

সায়েদাবাদের ইউনিক কাউন্টারের ম্যানেজার মো. আনোয়ার বলেন, অগ্রিম টিকিট আগেই বেচা হয়ে গেছে। আজ সন্ধ্যার পর থেকে ভিড় বাড়বে।
আনোয়ারের সঙ্গে কথা বলতে বলতেই স্টেশনে এসে হাজির হলেন চট্টগ্রামের যাত্রী মো. শাহজাহান। কাউন্টার ম্যানেজার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে বলে জানালেও শাহজাহান একজন সঙ্গী নিয়ে এসে চট্টগ্রামের দুটি টিকিট চেয়ে পেয়ে গেলেন। ঈদের মৌসুমে অগ্রিম টিকিট না করা সম্পর্কে শাহজাহান বলেন, ‘ফ্যামিলি নাইতো, তাই কোনো টেনশন ছিল না। জানতাম টিকিট পাওয়া যাবে।’