ভিড় নেই পর্যটনকেন্দ্রগুলোতে ব্যবসায়ীরা হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যান্য বছর ঈদ উপলক্ষে কক্সবাজার, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় পর্যটকদের উপচে পড়া ভিড় থাকলেও এ বছর তাদের উপস্থিতি কমে গেছে। বৈরী আবহাওয়া ও রাস্তাঘাটের বেহাল দশার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা। কক্সবাজার সমুদ্রসৈকতে অন্য বছরগুলোতে লাখো পর্যটকের সমাগম থাকলেও এবার তাদের উপস্থিতি ২০-২৫ হাজারে নেমে এসেছে। বান্দরবানেও প্রত্যাশা অনুযায়ী পর্যটকেরা আসেনি। তবে রাঙামাটি ও সীতাকুণ্ডে তাদের উপস্থিতি কক্সবাজার ও বান্দরবানের তুলনায় অনেক বেশি দেখা গেছে।আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: কক্সবাজার: অন্যান্য বছর ঈদের দ্বিতীয় দিন সৈকতে লাখো পর্যটকের সমাগম ঘটলেও গতকাল শুক্রবার মাত্র ২০-২৫ হাজার পর্যটকের উপস্থিতি ছিল। এতে হোটেল মালিক ও পর্যটনসংশ্লিষ্ট বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়েছেন। গতকাল বেলা ১১টায় সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে দেখা গেছে, মাত্র কয়েক হাজার পর্যটক বালুচরে দৌড়ঝাঁপ আর সাগরের কোমরপানিতে নেমে গোসল করছেন। বিকেল চারটায় লোকসমাগম বাড়লেও খোঁজ নিয়ে জানা গেছে, পর্যটকের চেয়ে স্থানীয় লোকের সংখ্যা ছিল বেশি। ঢাকা থেকে ভ্রমণে আসা সাজেদুর রহমান (৩৪) বলেন, সড়কের যে বেহাল দশা, তাতে কক্সবাজারে আসতে তাঁর পুরো শরীর ব্যথা হয়ে গেছে। পর্যটন প্রতিষ্ঠানগুলোর সংগঠন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (টুয়াক) আহ্বায়ক মফিজুর রহমান জানান, তিনটি কারণে এবার কক্সবাজারে পর্যটকের উপস্থিতি কমে গেছে। সেগুলো হলো, সড়কের বেহাল দশা, লোকজনের অর্থনৈতিক দুরবস্থা এবং সাগরে নিরাপদ গোসলের ব্যবস্থা না থাকা। টুয়াক নেতা তোফায়েল আহমদ জানান, পর্যটকদের সেবা দেওয়ার লক্ষ্যে কক্সবাজারে ৬২টি পর্যটন প্রতিষ্ঠান শত শত কোটি টাকা বিনিয়োগ করে কক্সবাজারকে সাজিয়ে তোলেন। কিন্তু পর্যটকের অনুপস্থিতি এসব বিনিয়োগকারীকে হতাশায় ফেলে দিয়েছে।শহরের ঝাউতলার হোটেল সাগরগাঁওয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহেদুল ইসলাম জানান, অন্যান্য সাপ্তাহিক ছুটির দিনও হোটেলের ৬৭টি কক্ষের মধ্যে ৫০-৬০টি কক্ষের বুকিং থাকে। কিন্তু ঈদের এই সময়ে গতকাল এই হোটেলে কক্ষ ভাড়া গেছে মাত্র ৩৩টি। এর মধ্যে পর্যটক রয়েছেন ২৩টি কক্ষে। পাশের আল হেরা, সি-কুইনসহ বিভিন্ন হোটেলে একই অবস্থা দেখা গেছে। বান্দরবান: পর্যটন এলাকাগুলোতে গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার পর্যটকদের উল্লেখযোগ্য ভিড় দেখা যায়নি। অবশ্য বৃহস্পতিবারের তুলনায় গতকাল কিছুটা উপস্থিতি বেশি ছিল। চিম্বুক, মেঘলা, নীলাচলসহ কয়েকটি এলাকা ঘুরে গত বছরের মতো কোথাও পর্যটকের ভিড় দেখা যায়নি। মেঘলা পর্যটনের তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, শুধু মেঘলা পর্যটন নয়, নীলগিরি, নীলাচল, চিম্বুক, শৈলপ্রপাত, স্বর্ণমন্দির, রামমন্দির—সব জায়গায় মানুষের এখন ভিড় বাড়ছে। বান্দরবানের হোটেল ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জানিয়েছেন, ৩৫টি আবাসিক হোটেলে প্রায় এক হাজার ৮০০ জন পর্যটক থাকার ব্যবস্থা রয়েছে। তাদের বিভিন্ন পর্যটন স্পটে পরিবহনের জন্য ১৬০টি ভাড়া গাড়ি দিয়ে এক হাজার জনকে সার্বক্ষণিক সেবা দেওয়া সম্ভব। গাড়ি ভাড়া হয়ে গেলেও হোটেলগুলো অনেকাংশে এখনো ফাঁকা রয়েছে বলে তিনি জানান।রাঙামাটি: টানা কয়েক দিনের ছুটিতে পর্যটকদের পদচারণে মুখরিত হয়ে উঠেছে রাঙামাটি শহর ও কাপ্তাই হ্রদ। পর্যটন হলিডে কমপ্লেক্সসহ শহরের সব হোটেল, সরকারি বিশ্রামাগার মঙ্গলবার পর্যন্ত বরাদ্দ হয়ে গেছে। এ ছাড়া প্রতিদিন অনেক দেশি-বিদেশি পর্যটক রাঙামাটি ঘুরে যাচ্ছে। সরেজমিনে দেখা গেছে, পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতু, রাজবন বিহার এলাকা, তবলছড়ি ও বনরূপার আদিবাসী বস্ত্র বিপণিকেন্দ্রে পর্যটকেরা দলে দলে ঘুরছে। এ ছাড়া বিভিন্ন নৌযানে ঘুরে ঘুরে কাপ্তাই হ্রদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে পর্যটকেরা। হ্রদসংলগ্ন বেসরকারি পর্যটনকেন্দ্র চাংপাঙ ও পেদা টিংটিংয়েও পর্যটকদের ভিড়। তবে পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক মো. আখলাকুর রহমান বলেছেন, গত বছরের চেয়ে এ বছর পর্যটক কম মনে হচ্ছে। সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেনে ঈদের ছুটিতে তিন দিন ধরে ছিল পর্যটকদের ভিড়। ইকোপার্কের রেঞ্জার পরিমল চন্দ্র পাল প্রথম আলোকে জানান, ‘এ সময়ে প্রচুর দর্শনার্থীর আগমন হবে ধারণা করেই আমরা ব্যাপক নিরাপত্তাব্যবস্থা করেছি।’