ভিড় বাড়ছে বাসে
স্ত্রী-সন্তানদের নিয়ে বাসে করে মাগুরা যাচ্ছেন বেসরকারি সংস্থার কর্মী মনজুর হোসেন। গত ঈদে বাড়ি যেতে পারেননি। এবার ঈদের আগে তিনি ছুটি নিয়েছেন। শেষ সময়ে অনেক ভিড় থাকে, তাই আগেভাগেই ঢাকা ছাড়ছেন তিনি।
মনজুরের মতোই আরেকজন রাজবাড়ীর পাংশার মানিক মিয়া। ঢাকায় কাপড়ের ব্যবসা আছে তাঁর। মানিক মিয়ার পরিবার থাকে পাংশায়। তিনি বলেন, ঈদের আগে ঘাটে ফেরি পারাপারে অনেক সময় লাগে। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। তাই তিনি আগেভাগে গ্রামে চলে যাচ্ছেন।
গতকাল সোমবার সকালে গাবতলী ও কল্যাণপুরে গিয়ে দেখা গেছে, মনজুর আর মানিকের মতো অনেকেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গ্রামে ফিরতে শুরু করেছেন। গাবতলীর বাস কাউন্টারগুলোর সামনে তাই মানুষের ভিড় বাড়ছে।
পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঈদের আগ পর্যন্ত প্রতিদিনই ভিড় বাড়তে থাকবে। তবে মানুষ সবচেয়ে বেশি বাড়ি ফিরবে ৩০ ও ৩১ আগস্ট। মানুষ এ দুই দিনেরই সবচেয়ে বেশি টিকিট কেটেছে।
গাবতলী থেকে উত্তরবঙ্গে চলাচল করে উত্তরণ কোচ সার্ভিস। বাসটির ব্যবস্থাপক রথী দেবনাথ প্রথম আলোকে বলেন, তাঁদের দুটি বাস ঢাকা থেকে রংপুর-সৈয়দপুর গন্তব্যে চলাচল করে। গতকাল দুটি বাসই যাত্রীতে ভরা ছিল।
গাবতলীতে হানিফ পরিবহনের কাউন্টারের ব্যবস্থাপক দুলাল বলেন, ৩০ ও ৩১ আগস্টের টিকিট বেশি বিক্রি হয়েছে। তবে গতকাল থেকে প্রতিটি বাসের আসন পূর্ণ হয়ে যাচ্ছে। কোনো আসন ফাঁকা থাকছে না।
এবার উত্তরবঙ্গসহ বিভিন্ন স্থানে সড়কের খারাপ অবস্থার কথা জানিয়ে হানিফ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক আবদুস সামাদ বলেন, এবার মানুষের ভোগান্তি চরমে। যে বাস আট ঘণ্টায় আসার কথা, তা আসতে ১৫ থেকে ১৮ ঘণ্টা লাগছে। যদি ঈদের আগে বৃষ্টি হয়, তাহলে সঠিক গতিতে বাস চালানো কঠিন হয়ে যাবে। সে ক্ষেত্রে গন্তব্যে পৌঁছাতে আরও বেশি সময় লাগতে পারে।
একই অবস্থার কথা জানালেন এসআর পরিবহনের উপমহাব্যবস্থাপক প্লাবন রহমান। তিনি বলেন, যে বাস ঢাকা থেকে যাচ্ছে, তা সঠিক সময়ে ফিরে আসছে না। অনেক দেরি হচ্ছে। তিনি আরও বলেন, ‘রাস্তা খারাপ হওয়ার জন্য যদি দেরি হয়, তাহলে তো আমাদের কিছু করার থাকে না।’