ভিড় বাড়ছে হকার্স মার্কেট ও ফুটপাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পৌর জহুর হকার্স মার্কেটে ছেলের জন্য গতকাল রোববার বিকেলে পোশাক পছন্দ করছিলেন হোটেলশ্রমিক মোহাম্মদ মিন্টু। তাঁর কোলেই ছিল তিন বছর বয়সী ছেলে মোহাম্মদ হোসাইন। মাদারবাড়ি থেকে কেনাকাটা করার জন্য হকার্স মার্কেটে এসেছেন তিনি।
মোহাম্মদ মিন্টু প্রথম আলোকে বলেন, ‘আর দু-এক দিন পর লোকজনের ভিড়ে মার্কেটে আসা কঠিন হয়ে যাবে। তাই আজকেই বাচ্চাকে নিয়ে ঈদের পোশাক কিনতে এসেছি। কাল-পরশু নিজের জন্য কিনতে আসব।’
নগরের হকার্স মাকেটসহ বিভিন্ন ফুটপাতের ঈদের বেচাকেনা জমে উঠতে শুরু করেছে। ঈদ উপলক্ষে বিশেষ প্রস্তুতিও নিয়েছে ফুটপাত ও হকার মার্কেটের দোকানিরা। ফুটপাতের দোকালগুলোতে আগে ছাউনি না থাকলেও এখন ওপরে ত্রিপল দেওয়া হয়েছে। এসব দোকানের ক্রেতাদের অধিকাংশই হচ্ছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ।
চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশনের সভাপতি মো. মিরন হোসেন প্রথম আলোকে বলেন, মূলত নিম্ন ও মধ্য আয়ের লোকজন ফুটপাতের দোকানগুলোতে কেনাকাটা করতে আসেন। তাঁদের মধ্যে বড় একটি অংশ পোশাকশ্রমিক। যাঁরা এখনো বেতন-বোনাস পাননি। ফলে পুরোদমে বেচাবিক্রির জন্য কয়েক দিন অপেক্ষা করতে হবে।
হকার্স সমিতির সূত্র জানা যায়, নগরের নিউমার্কেট, ইপিজেড, আগ্রাবাদ, জিইসি মোড়, ২ নম্বর গেট ও বহদ্দারহাট এলাকায় হকাররা ঈদ উপলক্ষে পোশাক, বেল্ট, জুতাসহ বিভিন্ন পণ্যের অস্থায়ী দোকান খুলেছেন। এর বাইরে পৌর জহুর হকার্স মার্কেটেও ঈদকেন্দ্রিক ব্যবসা শুরু হয়েছে।
গতকাল বিকেলে নগরের নিউমার্কেট এলাকার ফুটপাত ও পৌর জহুর হকার্স মার্কেট ঘুরে দেখা যায়, কেউ পরিবারের সদস্যদের নিয়ে, কেউ বন্ধু-বান্ধবের সঙ্গে, আবার অনেকে একা কেনাকাটা করতে এসেছেন। নিজের ও আত্মীয়-স্বজনের জন্য পছন্দের পোশাক বাছাই করছেন ক্রেতারা। চলছে বিক্রেতাদের সঙ্গে দর-কষাকষি। দরদাম ঠিক হলে কিনে নিচ্ছেন পোশাক।
ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা বলেন, সকালের দিকে প্রায় ফাঁকা থাকলেও বিকেলের দিকে ক্রেতাদের ভিড় শুরু হয়। কাল-পরশুর মধ্যে সকাল বেলায়ও লোকজনের উপস্থিতি বাড়তে শুরু করবে।
পৌর জহুর হকার্স মার্কেটের প্রবেশমুখের ডান পাশে রয়েছে পাঞ্জাবের দোকান গুডম্যান। দোকানের ব্যবস্থাপক রেজাউল করিম প্রথম আলোকে বলেন, প্রতিদিনই ক্রেতাদের ভিড় বাড়ছে। বেচাকেনা খারাপ হচ্ছে না।
ফটিকছড়ি উপজেলা থেকে ঈদের পোশাক নিতে এসেছিলেন মাদ্রাসাশিক্ষক মো. ফরিদুল ইসলাম। তিনি বলেন, হকার্স মার্কেটে সব ধরনের পোশাক পাওয়া যায়। দামেও সস্তা। একই কথা বলেন হালিশহর থেকে আসা আইনজীবী মাহবুবুল হাসান।
মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের সামনের ফুটপাতে ছোট আয়তনের দোকানটি বিভিন্ন ধরনের জুতা দিয়ে সাজিয়েছেন সাইফুল ইসলাম। গতকাল সন্ধ্যায় তিনি বলেন, ‘আজকে প্রচুর মানুষ এসেছে জুতা কিনতে। গত দুদিন বৃষ্টি থাকায় তেমন বেচাবিক্রি হয়নি।’ আরেক জুতা ব্যবসায়ী শেখ আহমদ বলেন, এখানে ১৫০ থেকে ৫০০ টাকায় ক্রেতারা পছন্দসই জুতা কিনতে পারেন। কিন্তু শপিংমলে এত সস্তা দামে জুতা পাওয়া সম্ভব নয়।
নিউমার্কেটের সামনের ফুটপাত থেকে ছেলের জন্য পোশাক কিনছিলেন পোশাকশ্রমিক রাবেয়া খাতুন। তিনি প্রথম আলোকে বলেন, গরিব মানুষ অল্প দামে ফুটপাত থেকে পোশাক কিনতে পারেন। মার্কেটে যে শার্টের দাম হাজার টাকা এখানে তা দুই থেকে তিন শ টাকা।