
দিনপঞ্জিকার পাতায় ‘শুক্রবার’ দিনটি প্রতি মাসে অন্তত চারবার আসে। কিন্তু এমন শুক্রবারের জন্য অপেক্ষা করতে হবে আরও একটি বছর। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করবেন প্রকাশকেরা, অপেক্ষা করবেন লেখকেরা, লিটলম্যাগ চত্বরে তরুণ কবিরা। অপেক্ষা করবেন বইপাগল, আড্ডাবাজ, সেলফিবাজ তরুণ, যুবক, প্রৌঢ়—সবাই। কাল অমর একুশে বইমেলার ২৪তম দিনটি ছিল এমনই একটি শুক্রবার।
একুশে বইমেলার শুক্রবার, শনিবার সব সময় একটা বড়সড় ভিড়ের আঁচ পাওয়া যায়। কিন্তু গতকালের ভিড় যেন সব ভিড়কে হার মানিয়েছে। বেলা ১১টায় খুলে দেওয়া হয় গেট। তারপর থেকে ভিড়ও দ্রুত বাড়তে থাকে। বিকেলে এক নম্বর গেট দিয়ে পিলপিল করে মানুষ ঢুকতে থাকে মেলায়। সন্ধ্যায় ভিড় এতটাই যে মেলার মধ্যে কারও পক্ষে দুদণ্ড দাঁড়িয়ে চারপাশ দেখা, এমনকি হাঁটাও কোথাও কোথাও কঠিন হয়ে যায়! মনে হয়েছে, বইমেলার গোধূলিলগ্নেও শেষ প্রাণ রয়ে গেছে অল্প বয়সের তরুণের মতোই।
প্রকাশকেরা আশা করছেন, আজ মাসের শেষ শনিবারটিও এমন কাঙ্ক্ষিত ভিড় ও বিক্রি হবে। আজ মেলার দ্বার খুলবে বেলা ১১টায়। চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত শিশুপ্রহর ঘোষণা করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমি আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার দেওয়া হবে। বিকেল চারটায় হবে ‘বাংলাদেশের শিশুসাহিত্য’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজন তো থাকছেই।
এ কথা হয়তো সবারই জানা, এবারও মেলা হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে। স্বাধীনতাস্তম্ভের পাশে উদ্যানে মেলার মাঠে ঘাস বিছানো সবুজ জায়গা রয়েছে কিছু কিছু। রয়েছে কংক্রিটে বাঁধানো চত্বরও। আছে শিশুদের জন্য আলাদা চত্বর। এসবের কোথাও মানুষের কমতি ছিল না কাল।
গত তিন শুক্রবার বইমেলায় এত ভিড় কখনো হয়নি বলে জানালেন প্রকাশকেরা। তবে বিক্রি নিয়ে দ্বিমত আছে। কয়েকজন প্রকাশক বলেছেন, গতকাল শুক্রবার ভিড় বেশি হলেও আগের শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেশি বিক্রি হয়েছে। বেশি সংখ্যক প্রকাশক বলেছেন, গতকাল ভিড়-বিক্রি দুটোই ছিল বেশি। অবসরের বিপণন নির্বাহী মাসুদ রানা জানান, তাঁদের প্যাভিলিয়নে গতকাল মাসের সর্বোচ্চ সংখ্যক বই বিক্রি হয়েছে।

তবে পাঠকদের অভিযোগ, আর যাই হোক এই ভিড়ে খুঁজে পেতে বা ভেবেচিন্তে বই কেনা কষ্টসাধ্য। বসুন্ধরা এলাকা থেকে শিপন-সুইটি দম্পতি কালই প্রথমবার মেলায় এসেছিলেন। তাঁর সরদার ফজলুল করিমের চল্লিশের দশকের ঢাকা, মহিউদ্দিন আহমদের আওয়ামী লীগ: উত্থানপর্ব ১৯৪৮-১৯৭০, শাহাদুজ্জামানের একজন কমলালেবুসহ বেশ কিছু বই কিনলেন। ধুলা এড়াতে মুখে মাস্ক দেওয়া শিপন হাতের লিস্ট দেখিয়ে বললেন, ‘আরও অনেক বই কেনার পরিকল্পনা ছিল, কিনতে পারিনি। যে স্টলে যাই, সেখানেই ভিড়!’
দুপুরে মালিবাগ থেকে হুইলচেয়ারে করে ৭০ বছর বয়সী মা কহিনুর বেগম ও শিশুকন্যা তাসফিয়াকে নিয়ে সস্ত্রীক মেলায় এসেছেন ফরিদ আহমেদ। ‘মা নিয়েছেন ধর্মীয় বই, স্ত্রী রান্নার, মেয়ে নিয়েছে ছড়া ও ছবির বই আর আমি নিলাম মুক্তিযুদ্ধবিষয়ক বই ও অভিধান’—বলেন ফরিদ আহমেদ। তিনি বলেন, ‘এমনিতে ছুটির দিনে ঘুরি আমরা। কয় দিন ধরেই শুনছি, এবার ভালো আয়োজন। তাই মাকেও সঙ্গে নিয়ে এলাম।’ খিলগাঁও চৌধুরীপাড়া থেকে দম্পতি হারুন-বিউটি এসেছেন দুই ছেলেকে সঙ্গে নিয়ে। তাঁদেরও সবার নিজেদের পছন্দের বই কেনা হয়েছে। হারুন জানালেন, সকাল থেকেই তাঁর স্ত্রীর অনুযোগ, ‘শেষ শুক্রবারও মেলায় নিবা না!’
যে লেখকেরা নিয়মিত মেলায় আসেন, তাঁদের মোটামুটি সবাই গতকাল মেলার ধুলো গায়ে মাখিয়েছেন। কথাপ্রকাশের স্টলে ছিলেন ইমদাদুল হক মিলন, প্রথমা প্রকাশনে আনিসুল হক ও রাজীব হাসান, বিদ্যাপ্রকাশে মোহিত কামাল, অনন্যায় লেখক-অভিনেতা আফজাল হোসেন ও শানারৈ দেবী শানু, সময় প্রকাশনে দন্ত্যস রওশনসহ আরও অনেকে।
গতকাল দুপুর থেকে রাত আটটা পর্যন্ত মেলায় থেকে দেখা গেছে, প্রকাশনার দিক থেকে কবিতার বইয়ের সংখ্যা বেশি হলেও বিক্রি হচ্ছে উপন্যাস। মানুষ এখনো খুঁজছে হুমায়ূন আহমেদের পুরোনো বইগুলো। বাংলা একাডেমি থেকে প্রকাশিত বইয়ের মধ্যে ইংরেজি থেকে বাংলা অভিধান ও আধুনিক বাংলা অভিধান বিক্রি হচ্ছে অনেক।
নতুন বইয়ের হিসেবে প্রথমা প্রকাশন থেকে এবার আসা আনিসুল হকের প্রিয় এই পৃথিবী ছেড়ে বিক্রি হতে দেখা গেছে সবচেয়ে বেশি। অনন্যা থেকে প্রকাশিত ইমদাদুল হক মিলনের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়মাস-এর কাটতিও বেশ। পুরোনো বইয়ের মধ্যে অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হুমায়ূন আহমেদের মিসির আলি দশ সংকলনটি আছে বেশি বিক্রি হওয়া বইয়ের তালিকায়। একই প্রকাশনী থেকে দেয়াল এবং জোছনা ও জননীর গল্প এখনো অনেক বিক্রি হওয়ার কথা বলেছেন বিক্রয় প্রতিনিধিরা। বিদ্যাপ্রকাশ থেকে আসা মোহিত কামালের তবুও বাঁধন, অবসর থেকে প্রকাশিত হরিশংকর জলদাসের অর্ক এবং আশা নাজনীনের স্বামীসূত্র বিক্রি হতে দেখা গেছে। পাঠক সমাবেশের রবীন্দ্রসমগ্রর প্রতি আগ্রহ ছিল পাঠকদের।

পাঠকের হাতে দেখা গেছে সৈয়দ শামসুল হক, হুমায়ুন আজাদ, সেলিনা হোসেন, আল মাহমুদ, হাসান আজিজুল হক, রকিব হাসান, ইমদাদুল হক মিলন, সৈয়দ মনজুরুল ইসলাম, মুহম্মদ জাফর ইকবাল, হরিশংকর জলদাস, আহসান হাবীব, মোস্তফা কামাল, সুমন্ত আসলাম, মোস্তফা মামুন প্রমুখের নতুন-পুরোনো বই। আগামী প্রকাশনীতে শেখ হাসিনার নির্বাচিত প্রবন্ধ, অন্বেষায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের আন্দোলন-সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ বইগুলো ভিড় করে কিনতে দেখা গেছে। সেবা প্রকাশনীতে ছিল গোয়েন্দা সিরিজের বইয়ের কাটতি।
বাংলা একাডেমির তথ্য অনুযায়ী, গতকাল ২৪তম দিনে মেলায় নতুন বই এসেছে ১৪৬টি। ৫৩টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মেলায় প্রথমা প্রকাশন এনেছে বদরুল আলম খানের গণতন্ত্রের বিশ্বরূপ ও বাংলাদেশ, ক্যাপ্টেন শামস উজ জামানের নুনকি একটি তারার নাম: নাবিকের সমুদ্রযাত্রা। বাংলা একাডেমি চত্বরে থাকা কোয়ান্টাম ফাউন্ডেশন প্রকাশনা এনেছে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ভাঙো দুর্দশার চক্র, অ্যাডর্ন পাবলিকেশন এনেছে জয়নাল হোসেনের প্রেমিক ভ্যান গঘ: ভিনসেন্টের বেদনা-বিলাস ও শিল্পসত্তার গল্প, পাঠক সমাবেশ এনেছে আমিনুল ইসলাম ভুইয়া অনূদিত প্লেটো: ফিদো, রোদেলা প্রকাশনী এনেছে প্রশান্ত মৃধার জল ও জালের তরঙ্গ, সময় প্রকাশন এনেছে শামসুজ্জামান খানের দূরে দূরান্তরে, সংবেদ এনেছে মনিকা চক্রবর্তীর হাওয়ার সংকেত, প্রান্ত প্রকাশন এনেছে গাজী মুনছুর আজিজের ভ্রমণবিষয়ক বই অনন্যণ আরব। চৈতন্য এনেছে মামুন মিজানুর রহমানের হেসে হেসে ডুবেছিল চাঁদ। লিটম্যাগ চত্বরের শান্তির প্রবেশ প্রকাশন এনেছে রাসেল আশেকীর পোশাকে লুকানো দুঃখগুলো, গতি প্রকাশনী এনেছে হাসনাইন সাজ্জাদী’র হে স্বপ্ন হে বিজ্ঞান কবিতা ইত্যাদি।