ভিড় লেগেছে ব্যাগ, জুতা ও গয়নার দোকানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের মাত্র কয়েকটি দিন বাকি। অনেকের জামাকাপড় কেনাকাটার পর্ব শেষের দিকে। তাঁরা এবার ছুটছেন ব্যাগ, জুতা আর গয়নার দোকানে। বিশেষ করে, নারীদের পোশাকের সঙ্গে মিলিয়ে এসব সামগ্রী কেনা চাই। তাই চট্টগ্রামের ছোট-বড় শপিং মলগুলোতে ব্যাগ, জুতা আর গয়নার দোকানে গতকাল ভিড় দেখা গেল। চট্টগ্রামের নতুন শপিং মল আফমি প্লাজায় গতকাল বিকেলে কথা হয় কেনাকাটা করতে আসা বিশ্ববিদ্যালয়পড়ুয়া ফারজানা ইয়াসমিনের সঙ্গে। তিনি বললেন, ‘এবার ঈদের জন্য তিন সেট পোশাক কিনেছি। এগুলোর মধ্যে দুই সেটের সঙ্গে মিলিয়ে গয়নাগাটিসহ আনুষঙ্গিক জিনিসপত্রও কিনেছি। এখন ছোট বোনের এবং নিজের একটি পোশাকের সঙ্গে মিলিয়ে ব্যাগ আর জুতা কিনলেই ঈদের কেনাকাটা শেষ হবে।’ব্যাগ, জুতা আর অলঙ্কারের দোকানে ভিড় দেখা গেলেও কাপড়ের দোকানগুলোতেও ক্রেতার কমতি নেই। বিশেষ করে, তৈরি পোশাকের দোকানগুলোতে এখনো ভিড় আছে। সেন্ট্রাল প্লাজা মার্কেটের নিচতলার ফ্যাশন বুটিকসের ব্যবস্থাপক মোজাম্মেল হক বলেন, চাঁদরাত পর্যন্ত এ ভিড় থাকবে। তিনি আরও বলেন, রমজানের শুরুতে থান কাপড়ের জন্য দোকানে ভিড় লাগে। এরপর ভিড় বাড়ে তৈরি পোশাক এবং গয়না-জুতার দোকানে। চট্টগ্রামের আধুনিক শপিং মল আফমি প্লাজা, মিমি সুপার মার্কেট, বিপণিবিতান, সানমার ওশান সিটি, সেন্ট্রাল প্লাজা, আমীন সেন্টারের দোকানগুলো এবং আড়ংয়ের শো রুমে তেমনই ভিড় দেখা গেল। সানমার ওশান সিটির অলংকার, ব্যাগ ও জুতার দোকান ওফেলিয়ার শো রুমের ব্যবস্থাপক মো. বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, থাইল্যান্ড, চীন, পাকিস্তান এবং ভারত থেকে আমদানি করা মেয়েদের ক্যাজুয়াল ও পার্টিব্যাগ, স্যান্ডেল এবং ইমিটেশন জুয়েলারির জন্য ওফেলিয়া সব সময় পরিচিত চট্টগ্রামের তরুণী-মহিলাদের কাছে। এখানে ক্যাজুয়াল ব্যাগের দাম এক হাজার থেকে চার হাজার, পার্টিব্যাগ এক হাজার থেকে ছয় হাজার, জুতা সর্বনিম্ন ৬০০ থেকে তিন হাজার টাকা। এই ঈদে পুরোনো আমলের নকশায় অ্যান্টিক বা ব্রাসোর গয়নার ট্রেন্ড লক্ষণীয়। তবে ভারী গয়নার চেয়ে হালকা গয়নাতেই তরুণীদের ঝোঁক বেশি। আবার যাঁরা ভারী সাজ পছন্দ করেন, তাঁরা ঝুঁকছেন রুপার তৈরি গোল্ড প্লেটেড অলংকারের প্রতি। এগুলোর কানের এবং গলার সেট এক হাজার ৫০০ থেকে সাত হাজার পর্যন্ত। এ ছাড়া পাথরের অলংকারও কিনছেন বলে জানালেন বিক্রেতারা। পাথরের কানের এবং গলার সেট এক হাজার থেকে তিন হাজার টাকা।এদিকে দেশি-বিদেশি জুতার জন্য জনপ্রিয় প্রবর্তক মোড়ের কাছে মিমি সুপার মার্কেট। এই মার্কেটের জুতাগুলো চীন, ব্যাংকক এবং ঢাকা থেকে আনা। রেয়াজউদ্দিন বাজারেও অনেকের নিজস্ব জুতার কারখানা আছে। এই মার্কেটের অনন্ত সুজ, ফ্যাশন ফেয়ার, রারা, সু-সাইন, মিমি সুজসহ আরও অনেক জুতার দোকানে শিশুদের স্যান্ডেল, কেডস, শুর দাম ৪০০ থেকে এক হাজার ২০০, মহিলা ও তরুণীদের জুতা ৫০০ থেকে দুই হাজার টাকা, ছেলেদের স্যান্ডেল, কেডস, শুর দাম ৫০০ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত।দেশি বিপণিকেন্দ্র আড়ং ঈদ উপলক্ষে হরেক রকমের উপাদান দিয়ে তৈরি অলংকারসামগ্রীর পসরা সাজিয়েছে। তরুণীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় আড়ংয়ের ফ্যাশন জুয়েলারির কাঠ, পুঁতি, মাটি, বাঁশ, সুতা, কড়ি, রুদ্রাক্ষ দিয়ে নানা ডিজাইনের চুড়ি, মালা, কানের দুল, আংটি, ব্রাসোর তৈরি ব্রেসলেট, বালা, হাঁসুলি, পায়েল প্রভৃতি। আড়ংয়ের অন্যতম আকর্ষণ হলো রুপার তৈরি গয়না। প্রাচীন আমলের নকশাখচিত ভারী গলার হার, মোটা বালা, হাঁসুলি, ঝুমকা দুল এবং আধুনিক ডিজাইনের ব্রেসলেট, কান ও নাকফুল, চুড়ি। এ ছাড়া স্বর্ণ ও হোয়াইট গোল্ডের এবং হীরার তৈরি গয়না পাওয়া যায়।