
ভিড়ভাট্টা, উচ্চকিত শোরগোল নেই; কিন্তু বিক্রি বেশ ভালো। অমর একুশে গ্রন্থমেলার পরিবেশ এ রকমই দেখা গেল গতকাল বুধবার। এবার মেলার দুটি দিক বিশেষ গুরুত্ববহ। বরাবরই মেলা শুরুর আগে আয়োজকদের তরফ থেকে জানানো হয়, মেলার সামনের পথটি বারোয়ারি পসরামুক্ত থাকবে। অথচ মেলা শুরুর এক দিন বা দুই দিনের মধ্যেই ফুটপাত দখল হয়ে যায় হরেক রকম পণ্যে। দিন যতই যেতে থাকে, সেই পসরা ফুটপাত থেকে নেমে আসে সড়কে। অবস্থা এমন দাঁড়াত যে চলাচল করাই দুরূহ হয়ে পড়ত। আর সেই সঙ্গে হকারদের চিৎকার, ঢোল-ঢাগরা, বাঁশির প্যাঁ-পোঁ, গাড়ির হর্ন, অডিওর দোকানগুলো থেকে ভেসে আসা উচ্চশব্দের গান আর আবৃত্তি মিলে যে বিকট আওয়াজ সৃষ্টি করত পুরো এলাকায়, তাকে আর যাই হোক মোটেই শ্রবণমধুর বলার কারণ নেই।

এবার এই উৎপাত থেকে মেলার মানুষ মুক্তি পেয়েছে। দোয়েল চত্বর থেকে টিএসসি পর্যন্ত সড়ক তো বটেই, উভয় দিকের পরবর্তী অংশেও দোকানপাট তেমন বসতে দেখা যাচ্ছে না। লোকে খুবই স্বচ্ছন্দে চলাচল করতে পারছে। দ্বিতীয় বিষয়টি হলো একাধিক প্রবেশ ও বের হওয়ার ফটক তৈরি করা। এই সুবিধার ফলে মেলায় ঢুকতে বা বের হতে লাইন দিয়ে অপেক্ষা করতে বা ঠেলা-ধাক্কার বিপত্তিতে পড়তে হচ্ছে না।
মেলায় এখন যারা আসছে, তারা কিনতেই আসছে বলে জানালেন পার্ল পাবলিকেশনের প্রতিনিধি হাসান তারিক। তবে এবার স্টলের বিন্যাস কিছুটা ভিন্ন বলে ক্রেতাদের খুঁজে খুঁজে চেনাজানা প্রকাশনীর স্টলগুলোতে যেতে হচ্ছে। নিয়মিতভাবে যদি মেলায় স্টলের বিন্যাস এ রকম করা হয়, তবে ধীরে ধীরে ক্রেতারা অভ্যস্ত হয়ে উঠবে বলে তিনি মন্তব্য করলেন। গতকাল বুধবার পার্ল থেকে নতুন এসেছে ঔপন্যাসিক পিয়াল খন্দকারের এক মলাটে সাতটি উপন্যাসের সংগ্রহ সাতটি উপন্যাস।

এদিকে মেলার ১০ দিন পেরিয়ে গেল। ইতিমধ্যে হাজার খানেক নতুন বই এসেছে। বাংলা একাডেমির দেওয়া হিসাবে গতকাল পর্যন্ত নতুন বইয়ের সংখ্যা ৯৮২টি। এগিয়ে আছেন কবিরা। নতুন কবিতার বই ২৩০টি, উপন্যাস ১৮২টি, গল্পের বই ১৫৬টি, প্রবন্ধের বই ৫৯টি, গবেষণা ১৩টি, মুক্তিযুদ্ধবিষয়ক বই ১৭টি। মুক্তিযুদ্ধবিষয়ক বইগুলোর বিক্রিও ভালো। প্রথমার মুক্তিযুদ্ধবিষয়ক বইগুলো বেশ ভালো বিক্রি হচ্ছে বলে জানালেন বিক্রয় প্রতিনিধিরা। গতকাল মঈদুল হাসানের উপধারা একাত্তর: মার্চ-এপ্রিল, আমীন আহম্মেদ চৌধুরীর ১৯৭১ ও আমার সামরিক জীবন এবং আগে প্রকাশিত বইয়ের মধ্যে আকবর আলীর আজব ও জবর-আজব অর্থনীতি—এসব বই বেশি চলেছে।

তথ্যকেন্দ্রের দেওয়া তালিকায় গতকাল নতুন বইয়ের সংখ্যা ১০৫টি। নতুন বইয়ের মধ্যে কয়েকটি হলো রাত্রি থেকে সৈয়দ শামসুল হকের কিশোর গল্প বাবার সাথে যাওয়া ও অন্যান্য কিশোর গল্প, অন্বেষা থেকে আনিসুল হকের কিশোর সাত গোয়েন্দা, বটেশ্বর বর্ণন থেকে আহমদ রফিকের প্রবন্ধ সময়ের দর্পণে সমাজ ও রাজনীতি, অনিন্দ্য থেকে মৃত্যুঞ্জয় রায়ের কৃষিবিষয়ক ফলের সমন্বিত বালাই ব্যবস্থাপনা, কথা প্রকাশ থেকে সজল আশফাকের চিকিৎসাবিষয়ক দুটি বই শিশুর যত্ন এ টু জেড ও বাঁচার জন্য খাই না খাওয়ার জন্য বাঁচি, দ্যু প্রকাশনী থেকে কৃষাণ কুমারের কাব্যগ্রন্থ কৃষ্ণকুসুম এবং চৈতি রহমান অনূদিত হান্স ক্রিশ্চিয়ান আন্দারসেনের সেই নয়টি রূপকথা ইত্যাদি।
নিত্যনতুন বইয়ের প্রকাশনার পাশাপাশি মেলা মঞ্চের অনুষ্ঠানও চলছে যথারীতি। গতকাল ছিল কথাশিল্পী রশীদ হায়দারের সভাপতিত্বে ‘বাংলাদেশের শিশুসাহিত্য চর্চা: অতীত থেকে বর্তমান’ শীর্ষক আলোচনা। প্রবন্ধ পড়েন অধ্যাপক শাহীন আক্তার। আলোচনা করেন সুজন বড়ুয়া, রাশেদ রউফ ও আসলাম সানী। সন্ধ্যায় ছিল কেন্দ্রীয় খেলাঘর আসর ও ঘাসফুল শিশু-কিশোর সংগঠনের শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সামনে বসন্তের দিন। বসন্তের রঙে রঙিন হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে বইমেলাও।