ভিড়ের মধ্যে চলন্ত ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলে উচিংনু মারমাকে নিয়ে মহালছড়ি থেকে গতকাল সকালে আলুটিলায় আসেন মা (ডানে)। সেখানে বৌদ্ধবিহারে এক অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার কথা ছিল তাঁদের। এর আগেই ভিড়ের মধ্যে ঢুকে পড়া চলন্ত ট্রাক কেড়ে নিল ছেলের প্রাণ। খাগড়াছড়ি সদর হাসপাতাল থেকে তোলা ছবি l প্রথম আলো
ছেলে উচিংনু মারমাকে নিয়ে মহালছড়ি থেকে গতকাল সকালে আলুটিলায় আসেন মা (ডানে)। সেখানে বৌদ্ধবিহারে এক অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার কথা ছিল তাঁদের। এর আগেই ভিড়ের মধ্যে ঢুকে পড়া চলন্ত ট্রাক কেড়ে নিল ছেলের প্রাণ। খাগড়াছড়ি সদর হাসপাতাল থেকে তোলা ছবি l প্রথম আলো

পাহাড়ের ওপর বৌদ্ধবিহার। সেখানে জড়ো হয়েছেন হাজারো ভক্ত, পুণ্যার্থী। তাঁরা এসেছেন বিহারের প্রতিষ্ঠাতার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে। পাহাড়ের নিচ দিয়ে চলে গেছে খাগড়াছড়ি-মাটিরাঙ্গা সড়ক। এই সড়কের দুই পাশে বিহারের অনুষ্ঠানকে কেন্দ্র করে বসেছে মেলা। সেখানেও গিজগিজ করছে মানুষ। তখন সকাল সাড়ে ১০টা। সড়কের পাশে একজন ঝালমুড়ি বিক্রেতাকে ঘিরে তৈরি হওয়া ভিড়ের মধ্যে হঠাৎই বেপরোয়া গতির একটি ট্রাক ঢুকে যায়।
ঘটনাস্থলেই প্রাণ হারান নারী-শিশুসহ সাতজন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে মা, দুই মেয়েসহ এক পরিবারের তিনজন এবং এসএসসি পরীক্ষার্থী রয়েছে দুজন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
গতকাল শুক্রবার সকালে খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকায় ধাতু চৈত্য বৌদ্ধবিহারের কাছে পাথরবোঝাই ট্রাকের চাপায় হতাহতের এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, দুর্ঘটনার সময় চালকের সহকারী (হেলপার) ট্রাকটি চালাচ্ছিলেন। তাঁর নাম মোহাম্মদ সুমন। তাঁকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকটি। চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি শহরের দিকে আসছিল ট্রাকটি।
আলুটিলা এলাকার ধাতু চৈত্য বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা চন্দ্রমণি মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা গত বৃহস্পতিবার শুরু হয়েছে। এটি শেষ হবে আজ শনিবার। এতে যোগ দিতে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে তাঁর ভক্ত ও অনুরাগীরা আসছেন। গত বছরের আগস্টে তিনি মারা যান।
ধাতু চৈত্য বৌদ্ধবিহারের পরিচালনা পরিষদের সদস্য বাঁশরী মারমা বলেন, এ ঘটনাকে তাঁরা নাশকতা মনে করছেন না। তবে দুর্ঘটনার বিষয়টি তদন্ত করার অনুরোধ জানান তিনি।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযানে যোগ দেন সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। আহত ব্যক্তিদের প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এর মধ্যে এক কিশোরী চট্টগ্রামে আসার পথে মারা যায়। তার নাম ববি মারমা (১৫)। দুর্ঘটনায় তার মা নেইম্রা মারমা (৪০) ও বোন টুনটুনি মারমা (১০) মারা গেছে। তাদের বাড়ি খাগড়াছড়ির মহালছড়িতে।

বেশ কয়েকজনকে চাপা দিয়ে থেমে যায় ট্রাকটি  l ছবি: প্রথম আলো
বেশ কয়েকজনকে চাপা দিয়ে থেমে যায় ট্রাকটি l ছবি: প্রথম আলো

দুর্ঘটনায় নিহত অন্য পাঁচজন হলেন খাগড়াছড়ির রামগড় উপজেলার চাথোয়াইপ্রু মারমা (১৫), মহালছড়ির বাসিন্দা উচিংনু মারমা (১৫), মাথিং মারমা (৫), অংক্যচিং মারমা (১৮) ও মাটিরাঙ্গার পুলু মারমা (১৬)। আর আহত ব্যক্তিদের মধ্যে রনি মারমা (২১) ও চিংলাউ মারমা (১৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহালছড়ি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক পিপলু রাখাইন বলেন, নিহত আটজনের মধ্যে দুজন এবার তাঁদের স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। তারা হলো উচনু মারমা ও অংক্যচিং মারমা। নিহত ববি মারমা স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী পিউস ত্রিপুরা, আনাই মারমা, রবিজয় চাকমা, চন্দ্র কিরণসহ কয়েকজন প্রথম আলোকে বলেন, চন্দ্রমণি মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতায় অংশ নিতে বৃহস্পতিবার থেকে আলুটিলার বিহারে হাজারো মানুষের ঢল নামে। গতকালও সকাল থেকে হাজারো মানুষের ভিড় ছিল। সাড়ে ১০টার দিকে রাস্তার এই ভিড়ে এক ঝালমুড়ি বিক্রেতাকে ঘিরে থাকা জটলার মধ্যে দ্রুতগতিতে ঢুকে পড়ে ট্রাকটি। ট্রাকচাপায় সাতজন ঘটনাস্থলেই মারা যান। চাপা দেওয়ার পর ট্রাকটি থেমে গেলে লোকজন ট্রাকের চালককে ধরে ফেলেন। এ সময় তাঁকে মারধর করা হয়। পরে পুলিশ চালককে নিজেদের হেফাজতে নেয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান ও মাটিরাঙ্গা থানার ওসি শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, কুমিল্লা থেকে পাথর বোঝাই করে ট্রাকটি খাগড়াছড়ি আসছিল। মাটিরাঙ্গার জালিয়াপাড়া এলাকায় আসার পর ট্রাকের চালক পলাশ নেমে যান। হেলপার সুমনকে বাকি পথ চালিয়ে নিয়ে যেতে বলেন। ২৪-২৫ কিলোমিটার পথ সুমন ট্রাকটি চালিয়ে নিয়ে যান। এরপর আলুটিলা এলাকায় দুর্ঘটনা ঘটে। রাস্তায় ভিড়ের কারণে হেলপার ট্রাকের নিয়ন্ত্রণ রাখতে পারেননি।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল আমিন, জেলা পরিষদ সদস্য মংশিপ্রু চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা। হাসপাতালে হতাহত ব্যক্তিদের চিকিৎসার খোঁজ নেন তাঁরা।
খাগড়াছড়ির পুলিশ সুপার মজিদ আলী বলেন, নিহত ব্যক্তিদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।