ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির সেক্রেটারির সঙ্গে স্পিকারের সাক্ষাৎ
ভিয়েতনাম সফরে গিয়ে দেশটির কমিউনিস্ট পার্টির সেক্রেটারি জেনারেল গুয়েন ফু ট্রংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
আজ রোববার ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে এই সাক্ষাৎ হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌজন্য সাক্ষাতে তাঁরা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তাঁরা সমসাময়িক রাজনীতি, সংসদীয় প্রক্রিয়া, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক, কৃষি, পর্যটনশিল্পসহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে ভিয়েতনামের জনগণের অকুণ্ঠ সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে স্পিকার বলেন, দুই দেশ এক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। যার ফলে দুই দেশের ইতিহাস ও ঐতিহ্যে যথেষ্ট মিল রয়েছে।
শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে, যাতে বিনিয়োগের সব সুযোগ-সুবিধা থাকবে। তিনি এসব অর্থনৈতিক অঞ্চলে যৌথ বিনিয়োগের জন্য ভিয়েতনামের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। তিনি ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারিকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান।