ভিয়েতনাম থেকে আতপ চাল আমদানি করবে সরকার
সরকার ভিয়েতনাম থেকে এক লাখ মেট্রিক টন আতপ চাল আমদানি করবে। এ ব্যাপারে খাদ্য মন্ত্রণালয় আজ বুধবার ভিয়েতনাম সরকারের চাল রপ্তানিকারক সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক সই করবে। গতকাল মঙ্গলবার ভিয়েতনামের চাল রপ্তানিকারক সংস্থার সঙ্গে বৈঠক শেষে খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক এ কথা জানান।ভিয়েতনামের চাল রপ্তানিকারক সংস্থার উপপরিচালক চাও থাই ইনজিওসির নেতৃত্বে একটি প্রতিনিধিদল খাদ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। তাঁদের সঙ্গে বৈঠক শেষে খাদ্যমন্ত্রী বলেন, এ বছর চালের দাম বেশি হওয়ায় খাদ্যসংকট মোকাবিলার জন্য সরকার চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে চাল আমদানির জন্য দরপত্র-প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ভিয়েতনাম থেকে আনলে প্রতি টন চালের দাম পড়বে ৩৮০ মার্কিন ডলার।জানা গেছে, খাদ্য মন্ত্রণালয় ভারত থেকে তিন লাখ টন সেদ্ধ চাল আমদানির প্রস্তাব দিয়েছে। খাদ্যমন্ত্রী এ বিষয়ে জানান, ভারত সরকার চাল রপ্তানি করতে রাজি হয়েছে। ভারত থেকে প্রতি টন চাল ৪৫০ থেকে ৪৮০ ডলারে আমদানি করা হবে।ভিয়েতনামের প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন ভিয়েতনাম সাউদার্ন ফুড করপোরেশনের ডেপুটি হেড অব ট্রেডিং ডিপার্টমেন্ট ট্রান ডং কিন ও বাংলাদেশে ভিয়েতনাম দূতাবাসের কাউন্সিলর ফাম ভ্যান ডিন।বৈঠকে খাদ্যমন্ত্রী জানান, বাংলাদেশ ভিয়েতনাম থেকে ৫০ হাজার থেকে এক লাখ মেট্রিক টন চাল নিতে আগ্রহী। বৈঠকে প্রতিনিধিদল সরকারের অধিকাংশ শর্তের সঙ্গে একমত হয়। খাদ্য বিভাগের সচিবের সঙ্গে বৈঠক করে আজ চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। এ সময় খাদ্য বিভাগের সচিব বরুণ দেব মিত্র, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন খান, খাদ্য বিভাগের যুগ্ম সচিব খন্দকার আতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।