ভিয়েতনামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের পারস্পরিক স্বার্থে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে অংশীদার হওয়ার জন্য ভিয়েতনামের শিল্প-উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ক্ষেত্রে তিনি তাদের বিশেষ বিবেচনার আশ্বাস দেন।গতকাল শনিবার ভিয়েতনামের হ্যানয়ে প্রধানমন্ত্রী এক ব্যবসা ফোরামে এই আহ্বান জানান। ভিয়েতনাম-বাংলাদেশ বিজনেস ফোরাম ভিয়েতনাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ভিসিসিআই) কার্যালয়ে মধ্যাহ্নভোজ-পূর্ব এ বৈঠকের আয়োজন করে। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আপনাদের সবার জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে। আমি আমার দেশে আপনাদের বাণিজ্য বৃদ্ধির আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।’ বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উদ্যমী উদ্যোক্তা ও সক্ষম ব্যবস্থাপকের সমন্বয়ে দেশে একটি উদ্যমী ব্যবসায়ী সম্প্রদায় গড়ে উঠেছে। তিনি বাংলাদেশের ৬০ শতাংশ জনগোষ্ঠীর বয়স ৪০ বছরের নিচে উল্লেখ করে বলেন, ‘তারুণ্যদীপ্ত জনশক্তিই এ দেশে প্রবৃদ্ধির শক্তিশালী ভিত রচনা করেছে।’প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ২৫ কোটি জনগোষ্ঠীর যৌথ বাজার থাকা সত্ত্বেও দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সার্বিক সম্ভাবনার সঙ্গে সংগতিপূর্ণ নয়। দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশ ভিয়েতনাম থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে।’ভিয়েতনামের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের অকৃত্রিম সমর্থনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর শিক্ষাজীবনে তিনি ভিয়েতনামের স্বাধীনতার পক্ষে ঢাকায় বিভিন্ন মিছিলে অংশ নেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ভিয়েতনামের কৃষি ও পল্লী উন্নয়নমন্ত্রী ক্যাও ডাক ফাত, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ, ভিয়েতনাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ভিসিসিআই) সভাপতি ভু তিয়েন লক প্রমুখ বক্তৃতা করেন।হো চি মিন ও ভিয়েতনাম যুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন: প্রধানমন্ত্রী গতকাল ভিয়েতনামের স্বাধীনতা এবং বিপ্লবী সংগ্রামের নেতা হো চি মিনের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া হ্যানয় ওয়ার মেমোরিয়ালে ভিয়েতনাম যুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বা দিন স্কয়ারের কেন্দ্রে হো চি মিনের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে হো চি মিন ১৯৪৫ সালের ২২ সেপ্টেম্বর স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।পরে শেখ হাসিনা হো চি মিনের বাসভবন ও কার্যালয় পরিদর্শন করেন। বিকেলে প্রধানমন্ত্রী ভিয়েতনাম সামরিক জাদুঘর পরিদর্শন করেন।প্রধানমন্ত্রী আজ রোববার লাওসের উদ্দেশে ভিয়েতনাম ত্যাগ করবেন। সেখানে তিনি এএসইএম-৯-এর সম্মেলনে যোগ দেবেন।