ভিয়েতনামের চালের দ্বিতীয় চালান চট্টগ্রাম বন্দরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিয়েতনাম থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান চট্টগ্রাম সমুদ্রবন্দরে পৌঁছেছে। আজ সোমবার সকাল আটটায় ২৭ হাজার মেট্রিক টন চাল নিয়ে ভিয়েতনামের জাহাজ ‘এমভি প্যাক্স’ বন্দরে পৌঁছায়।

এর আগে গত বৃহস্পতিবার ২০ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে জাহাজ ‘ভিসাই ভিসিপি-জিরো ফাইভ’। ২২ জুলাই ভিয়েতনাম থেকে চালের তৃতীয় চালান দেশে আসবে বলে জানিয়েছে খাদ্য অধিদপ্তর।

বাংলাদেশ সরকারি পর্যায়ে ভিয়েতনাম থেকে যে আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানি করছে, তার মধ্যে দুই চালানে মোট ৪৭ হাজার মেট্রিক টন দেশে পৌঁছাল।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গত মাসে দরপত্র ছাড়াই সরকারি পর্যায়ে এই চাল আমদানির অনুমতি দেয়। এর মধ্যে প্রতি মেট্রিক টন ৪৭০ মার্কিন ডলার দরে ৫০ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৪৩০ মার্কিন ডলার দরে দুই লাখ মেট্রিক টন আতপ চাল আমদানি করা হবে।