ভিয়েনা থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভিয়েনায় অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় ‘মোরা’র সর্বশেষ পরিস্থিতি নিয়ে দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। ১০ নম্বর মহা বিপৎসংকেত জারির পর ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবিলায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশও দিচ্ছেন বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব ইহসানুল করিম। খবর বাসসের।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ৬০ বছর পূর্তি উপলক্ষে এক সম্মেলনে যোগ দিতে সোমবার সকালে অস্ট্রিয়ার ভিয়েনায় রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রওনা হওয়ার পর ‘মোরা’র জন্য চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপৎসংকেত জারি করে আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যা ৬টার দিকে ১০ নম্বর মহা বিপৎসংকেত জারি করা হয়। আজ মঙ্গলবার সকালে এটি চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে।

বাংলাদেশ সময় সন্ধ্যায় প্রধানমন্ত্রী ভিয়েনায় পৌঁছে তার সফরকালীন আবাসস্থল ইম্পিরিয়াল হোটেলে যাওয়ার পর ঝড়ের সতর্কতামূলক প্রস্তুতি নিয়ে দেশে কথা বলেন।

প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীর সফরসঙ্গী সাংবাদিকদের বলেন, ‘ঝড়ের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। ঝড় মোকাবিলায় প্রশাসনকে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছেন তিনি।’

সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার নির্দেশ প্রধানমন্ত্রী দিয়েছেন।

দুই দিনের সফর শেষে বুধবার সকালে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা।