ভীতি কাটিয়ে গণিতকে ভালোবাসতে হবে

কয়েক দিনের প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা কাটিয়ে আজ সোমবার সকাল থেকেই ঝলমলে রোদ। এমন সকালকে আরও রাঙিয়ে তুলেছে ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব। আঞ্চলিক পর্বে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে আজ সকাল নয়টায় জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সামসুদ্দিন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য মো. সামসুদ্দিন বলেন, গণিতকে ভয় করলে চলবে না। ভীতি কাটিয়ে গণিতকে ভালোবাসতে হবে। গণিত যদি ভালোভাবে আয়ত্ত করা যায়, তাহলে এর চেয়ে সহজ কোনো বিষয় হতে পারে না। গণিতের বিষয়বস্তু বুঝতে পারলে মেধার বিকাশ ঘটবে এবং যুক্তিভিত্তিক জ্ঞান অর্জন সম্ভব হবে। তিনি প্রথম আলোকে ধন্যবাদ জানিয়ে এ ধরনের শিক্ষামূলক ও সৃষ্টিশীল কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এবাদুল ইসলাম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা এবং ডাচ-বাংলা ব্যাংকের পটুয়াখালী শাখার আঞ্চলিক ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন। এ সময় পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের একদল শিক্ষার্থী জাতীয় সংগীত পরিবেশন করে।
পটুয়াখালী ও বরগুনা জেলার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০০ জন শিক্ষার্থী উৎসবে অংশ নেয়।
মূলপর্ব গণিত অলিম্পিয়াডে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চার বিভাগে ভাগ হয়ে শিক্ষার্থীরা সোয়া এক ঘণ্টার পরীক্ষায় অংশ নেয়।