ভীতি ছড়ানোর মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে ধর্ষণ
একটা সময় সম্ভোগের উদ্দেশে সমাজে ধর্ষণের ঘটনা ঘটত। এখন এলাকায় ভীতি ছড়াতে ধর্ষণ একটি মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম এ কথা বলেছেন। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আয়শা খানম বলেন, তৃণমূলে বাংলাদেশ মহিলা পরিষদের যেসব কর্মী আছেন তাঁরা জানিয়েছেন, নারী নির্যাতনের ঘটনায় অনেক সময় প্রশাসন কাজ করতে পারছে না। রাজনৈতিক প্রভাব, প্রভাবশালী মহলের চাপসহ বিভিন্ন প্রতিকূলতার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, একটা সময় সম্ভোগের উদ্দেশ্যে সমাজে ধর্ষণের ঘটনা ঘটত। এখন এলাকায় ভীতি ছড়াতে ধর্ষণ একটি মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে। ধর্ষণের আগে–পরেও নারীদের ওপর পশুর মতো নির্যাতন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জানুয়ারি থেকে অক্টোবর এ বছরের প্রথম ১০ মাসে নারী নির্যাতনের ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে তিন হাজার ৫৬টি চিঠি দিয়েছে। এগুলোর মধ্যে উত্তর পেয়েছে মাত্র ৩১টির।
বছরের ১০ মাসে ৭৭২ নারী ধর্ষণের শিকার
দেশের ১৩টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্যের ভিত্তিতে বাংলাদেশ মহিলা পরিষদ জানায়, গত পাঁচ বছরের মধ্যে এ বছর ধর্ষণের শিকার হয়েছেন সবচেয়ে বেশি সংখ্যক নারী। এ বছরের প্রথম ১০ মাসে ৭৭২ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এঁদের মধ্যে গণধর্ষণের শিকার ১৫০ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৭৮ জনকে। ধর্ষণের সংখ্যাটি ২০০৯ সালে ছিল ৩৯৩, ২০১০ সালে ৫৯৩, ২০১১ সালে ৬৩৫, ২০১২ সালে ৫০৮ ও ২০১৩ সালে ৬৯৬ জন।
সংবাদ সম্মেলনে মহিলা পরিষদ নেতৃবৃন্দ বলেন, নারী নির্যাতন পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এক দেশের মধ্যে দুই ধরনের চিত্র পাওয়া যাচ্ছে। বাংলাদেশের নারী হিমালয়ের চূড়ায় উঠেছেন, আবার এ দেশেই নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে।
বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড শাখার পরিচালক মাকসুদা খাতুন বলেন, শুধু এ বছরের প্রথম ১০ মাসে তিন হাজার ৯০৮ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। এদের মধ্যে হত্যা করা হয়েছে ৭৮০ জনকে, যৌতুকের কারণে ২০২ নারীকে হত্যা করা হয়েছে, একই কারণে নির্যাতনের শিকার হয়েছেন ১৭৩ জন, রহস্যজনক মৃত্যু হয়েছে ১৬৪ জনের, ৬৫ জন শিশু বাল্যবিবাহের শিকার হয়েছে, ৪৫ জন এসিডে পুড়েছেন, যৌনপল্লিতে বিক্রি হয়েছেন ১৭ জন নারী, এমনকি পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন ৪৮ নারী। ঘরে-বাইরে নারী অনিরাপদ।