ভীতি ছড়াচ্ছেন আওয়ামী লীগের বিদ্রোহী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে দলের ‘বিদ্রোহী’ প্রার্থী রমজান আলীর বিরুদ্ধে কালোটাকা বিতরণ ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী গোলাম মহীউদ্দিন। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে তিনি এ অভিযোগ করেন।

গোলাম মহীউদ্দিন লিখিত অভিযোগে বলেন, বিদ্রোহী প্রার্থী রমজান আলী জেলার ঘিওর, দৌলতপুর এবং শিবালয় উপজেলায় ভোটারদের মধ্যে কালোটাকা বিতরণ করছেন। রমজান আলীকে ভোট দিতে অস্ত্রধারী সন্ত্রাসী হুমকি দিচ্ছে। এতে ভোটাররা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এসব অভিযোগ অস্বীকার করে রমজান আলী পাল্টা অভিযোগ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মহীউদ্দিন ভোটারদের মধ্যে টাকা ও টিন বিতরণ করেছেন। তাঁকে নির্বাচন থেকে সরে যেতে ভয়ভীতি দেখাচ্ছেন তিনি। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় আছেন তিনি।

এদিকে নির্বাচন উপলক্ষে গতকাল জেলায় সাংগঠনিক সফরে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মহিবুল হাসান চৌধুরীসহ কয়েকজন। কেন্দ্রীয় নেতারা দুপুরে জেলা শহরের দলীয় কার্যালয়ে নির্বাচনের পরিবেশ ও পরিস্থিতি নিয়ে দলের জেলা নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় দলীয় প্রার্থী গোলাম মহীউদ্দিন কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগ করেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য এস এম জাহিদসহ কিছু নেতা-কর্মী বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন।

অভিযোগের বিষয়ে এস এম জাহিদ বলেন, ‘এই নির্বাচন নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

সুদেব সাহা বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগ সঠিক নয়।’

কাল বুধবার মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে পাঁচজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ১৫টি ওয়ার্ডে সদস্য পদে ৫৪ জন এবং ৫টি ওয়ার্ডে সংরক্ষিত (নারী) সদস্য পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।