পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে অর্থমন্ত্রী
ভীতিকর পরিবেশ দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে
দেশে কিছু দুষ্ট লোক রয়েছে। তাদের জন্যই চাষি ও সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। একটি ভীতিকর পরিবেশ দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে হলে এই দুষ্ট লোকদের ত্যাগ করতে হবে।
গতকাল রোববার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন।
এর আগে বেলা ১১টার দিকে উৎসবমুখর আয়োজনে বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে অতিথিবৃন্দের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এরপর জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করে শান্তির প্রতীক পায়রা ওড়ানো হয়। পরে অতিথিরা ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন ও বাংলা বিভাগের প্রথম সাময়িকী সাহিত্য গবেষণা পত্র-এর মোড়ক উন্মোচন করেন।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল-নকীব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বিশেষ অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, সম্মানিত অতিথি বিশ্ববিদ্যালয়ের লিজেন্ড বোর্ডের সদস্য ও স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক ও পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ।
আলোচনা পর্বে হাসানুল হক ইনু বলেন, ‘পঁচাত্তর থেকে নব্বই পর্যন্ত দেশ একটি ক্রান্তিকাল পার করেছিল। তখন বহু সংলাপ হয়েছে। কিন্তু কোনো মিটমাট হয়নি। শেষ পর্যন্ত স্বৈরশাসনের পতন হয়েছিল। বর্তমানে দেশে গণতন্ত্র ও জঙ্গিবাদ—এই দুই তন্ত্রে লড়াই চলছে। এখন সিদ্ধান্ত আপনাদের, কোন পক্ষ নেবেন। দেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব থাকবে না। সাম্প্রদায়িকতার কাঁটা উপড়ে ফেলতে হবে। বাংলাদেশকে শান্তির পথে, আলোর পথে নিতে হলে এখনই সিদ্ধান্ত নিতে হবে।’
তথ্যমন্ত্রী আরও বলেন, দেশে দুটি বড় শক্তি রয়েছে। একটি হচ্ছে যুবসমাজ, অন্যটি তথ্যপ্রযুক্তি। এই দুই শক্তির সমন্বয় করতে পারলে বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। তাই দেশের উন্নয়নে যুবসমাজকেই এগিয়ে আসতে হবে।
আসাদুজ্জামান নূর বলেন, ‘আমরা একটি লড়াইয়ের মধ্যে আছি। অগ্রগতি ও উন্নয়নের লড়াই। এই লড়াইয়ে জিততে হলে তথ্যসমৃদ্ধ জীবন গড়তে হবে। শুধু জিপিএ-৫ পেলে চলবে না। পড়ার বইয়ের পাশাপাশি জ্ঞানের বইও পড়তে হবে।’ সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, হত্যা দিয়ে কখনো কোনো লক্ষ্য ও আদর্শ প্রতিষ্ঠা করা যায় না। লক্ষ্য ও আদর্শ প্রতিষ্ঠার জন্য মানুষের অংশগ্রহণ দরকার।
আলোচনা পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি আসাদুজ্জামান নূর নূরলদীনের সারাজীবন গ্রন্থ থেকে আবৃত্তি করেন। এ ছাড়া গান পরিবেশ করেন ইফফাত আরা নার্গিস, রোকাইয়া হাসিন ও সুজিত মোস্তফা।