ভীতির ঊর্ধ্বে থেকে কাজ করার আহ্বান প্রধান বিচারপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়ভীতি ও চাপের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে আইন ও সংবিধান অনুযায়ী কাজ করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। গতকাল শনিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এ আহ্বান জানান। বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, কর্তব্যপরায়ণ হতে হবে। এ ক্ষেত্রে সততা বজায় রেখে আইন মেনে ঈমানের সঙ্গে বিচারকাজ পরিচালনা করতে হবে। বিচার বিভাগের মূল লক্ষ্য হচ্ছে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। এ জন্য কাজ চালিয়ে যেতে হবে। বিচারপ্রার্থীদের দুর্ভোগ নিরসনে স্বল্পসময়ে ন্যায়বিচার নিশ্চিত করা এবং ধার্য তারিখে মামলার সাক্ষ্য গ্রহণ ও রায় প্রদান করতে বিচারকদের আহ্বান জানান তিনি। যেসব মামলায় তাৎক্ষণিকভাবে আদেশ দেওয়া সম্ভব, সেসব ক্ষেত্রে তা প্রদান করার ওপর জোর দেন প্রধান বিচারপতি।গত শুক্রবার সুপ্রিম কোর্টে বিচার বিভাগীয় কর্মকর্তাদের এ সম্মেলন শুরু হয়। ওই দিন প্রায় ২০০ সহকারী জজ এতে অংশ নেন। গতকাল সারা দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ৩৫০ জন বিচারিক হাকিম সম্মেলনে যোগ দেন। সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠান চলে। পর্যায়ক্রমে অধস্তন আদালতের সব কর্মকর্তা এতে অংশ নেবেন। সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার অনুষ্ঠেয় সম্মেলন ১২ নভেম্বর শেষ হবে। সম্মেলনের পর একাধিক বিচারিক হাকিম (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) প্রতিক্রিয়ায় বলেন, বর্তমান প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের পর বিচার বিভাগীয় কনিষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এ ধরনের মতবিনিময় এই প্রথম। এতে বিচার বিভাগীয় কর্মকর্তারা কাজে অনুপ্রেরণা ও উৎসাহ পাবেন। এ ধরনের অনুষ্ঠান নিয়মিত হওয়া প্রয়োজন। এতে স্বচ্ছতা, জবাবদিহি, নিরপেক্ষতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে। সূত্র জানায়, মূলত মামলাজট নিরসন, বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব ও আস্থা ফিরিয়ে আনতে এবং বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের সমস্যা নিরসনের লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার কে এম শহীদ আহম্মেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, মতবিনিময়কালে প্রধান বিচারপতি মাঠপর্যায়ে বিচারকদের কাজের ক্ষেত্রে সমস্যা ও অসুবিধার কথা শুনেছেন। তাৎক্ষণিকভাবে সমস্যাগুলো চিহ্নিত করে তা নিরসনে নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, পর্যায়ক্রমে জ্যেষ্ঠ সহকারী জজ, জ্যেষ্ঠ বিচারিক হাকিম, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম, অতিরিক্ত জেলা জজ, মুখ্য বিচারিক হাকিম ও জেলা জজরা সম্মেলনে অংশ নেবেন। আগামী ২৯ ও ৩০ অক্টোবর এবং ৫, ৬ ও ১২ নভেম্বর সম্মেলন হওয়ার কথা।