ভীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে আজ মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন।ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে আজ মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন।ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের স্বার্থ রক্ষায় ভয়ভীতি ও লোভ-লালসার ঊর্ধ্বে থেকে অর্পিত দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতা, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত সুখী-সমৃদ্ধিশালী দেশ গড়ায় জেলা প্রশাসকদের ভূমিকা রয়েছে। কারণ জেলা প্রশাসকরা সাধারণ মানুষের কাছাকাছি থাকেন। তিনি বলেন, ‘আমি আশা করি, শুধু জনগণের সেবক হিসেবেই নয়, একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে জনগণের স্বার্থে আপনাদের আত্মত্যাগ করতে হবে।’
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক এবং মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররাফ হোসাইন ভূইঞা বক্তব্য দেন।
কমিশনার খুলনা বিভাগ মো. আবদুল জলির, মাদারীপুরের জেলা প্রশাসক জি এস এম জাফরুল্লাহ, রাঙামাটির জেলা প্রশাসক মোস্তফা কামাল এবং পঞ্চগড়ের জেলা প্রশাসক এম সালাউদ্দিনও বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী আজ জেলা প্রশাসকদের ২৪ দফা নির্দেশনা দেন। তিনি তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় জেলা প্রশাসকদের স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কাজ করার নির্দেশ দেন।

কেন্দ্রীয়ভাবে নেওয়া সিদ্ধান্ত মাঠপর্যায়ে দ্রুত বাস্তবায়নেরও তাগিদ দেন শেখ হাসিনা। মাঠ পর্যায়ে তথ্যপ্রযুক্তি খাতের বিস্তারে জেলা প্রশাসকদের নেতৃত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী ই গভর্নেন্সের বিস্তারের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, রাষ্ট্রীয় পর্যায় থেকে সমাজের বিভিন্ন স্তরে সুশাসন প্রতিষ্ঠায় ই-গভর্নেন্স বিস্তার ও বাস্তবায়ন জরুরি। কারণ এর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা পায়। শেখ হাসিনা জেলা প্রশাসকদের গণশুনানির আয়োজন করার কথা বলেন। সেবা পাওয়ার ক্ষেত্রে জনগণ যেন কোনোভাবেই নাজেহাল না হয়, সে বিষয়ে সতর্ক থাকারও পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও কৃত্রিম সংকট তৈরি করে খাদ্যসামগ্রীর দাম বাড়ানোর চেষ্টা রুখে দেওয়ারও নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসকদের।