ভুঁইফোড় প্রতিষ্ঠানের নামে বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের করমকা গ্রামের অমৎস্যজীবী কিছু ব্যক্তি সরকারি খাস পুকুর বাগিয়ে নিতে রাতারাতি গঠন করেন ‘করমকা মৎস্যজীবী সমবায় সমিতি’। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তদন্তে মৎস্যজীবী সেজে অমৎস্যজীবীদের সমিতি গঠনের সত্যতা পাওয়া গেছে।রাতারাতি গঠন হওয়া ভুঁইফোড় ওই সমিতিকে খাস পুকুর ইজারা দেওয়ার অযোগ্য ঘোষণা করেন ইউএনও। অথচ ওই সমিতির অনুকূলেই সম্প্রতি ৪০ হাজার টাকার সরকারি অনুদান মিলেছে। বিএনপির কর্মী-সমর্থকদের নিয়ে গঠিত ওই সমিতিতে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর (নগদ টাকা) কর্মসূচি থেকে এ টাকা বরাদ্দ দিয়েছেন জয়পুরহাট-২ আসনের বিএনপির সাংসদ গোলাম মোস্তফা। বিধি অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের অনুকূলে সরকারি অনুদান বরাদ্দ দিতে হলে ওই প্রতিষ্ঠানের সরকারি অনুমোদন থাকার পাশাপাশি ন্যূনতম নিজস্ব জায়গা ও অবকাঠামো থাকতে হবে। করমকা মৎস্যজীবী সমিতির নিজস্ব জায়গা ও ঘর নেই।অনুসন্ধানে জানা গেছে, শুধু করমকা মৎস্যজীবী সমিতি নয়, উপজেলায় এ ধরনের অর্ধশত ভুয়া ও সাইনবোর্ড-সর্বস্ব প্রতিষ্ঠানের অনুকূলে টিআরের টাকা ও খাদ্যশস্য বরাদ্দ মিলেছে। সাংসদ গোলাম মোস্তফার পাশাপাশি সংরক্ষিত নারী আসনের সাংসদ শাহীন মনোয়ারা হক ও উপজেলা পরিষদ থেকে এসব প্রতিষ্ঠানের অনুকূলে সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে।টিআর কর্মসূচি বাস্তবায়নের জন্য গত ১৫ এপ্রিল সাংসদ গোলাম মোস্তফা কালাই উপজেলার ৬৭টি প্রতিষ্ঠানকে ২৮ লাখ টাকা বরাদ্দ দেন। বরাদ্দ পাওয়া এসব প্রতিষ্ঠানের মধ্যে বেশ কিছু ভুয়া ও সাইনবোর্ড-সবর্স্ব প্রতিষ্ঠান রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ‘শান্তিনগর এম আর মডার্ন চাইল্ড স্কুল’ ব্যক্তিমালিকানাধীন এবং সরকারি নিবন্ধনভুক্ত না হলেও সাংসদ এ প্রতিষ্ঠানের অনুকূলে ৩০ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন। ‘পুর গরিব উন্নয়ন সমাজসেবা সংস্থা’ ও ‘সোনালী সকাল’ নামের দুটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এলাকায় দাদন ব্যবসা ও সুদের কারবারের সঙ্গে জড়িত। অথচ বিতর্কিত প্রতিষ্ঠান দুটির অনুকূলে যথাক্রমে ৫০ ও ৬০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।‘শিব সমুদ্র মডার্ন নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়’-এর অনুকূলে এক লাখ পাঁচ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও উপজেলায় ওই নামে কোনো নারী শিক্ষাপ্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহীও স্বীকার করেন, ওই নামে এলাকায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। একইভাবে ‘কাটাহার নতুন কুঁড়ি সমাজকল্যাণ সংঘ’ ও ‘কালাই মহিলা জনকল্যাণ সমিতি’ নামের দুটি ভুয়া প্রতিষ্ঠানের নামে ২৮ হাজার টাকা করে এবং ‘কালাই ধাপ কৃষি সমবায় সমিতি’ নামের অপর একটি ভুয়া প্রতিষ্ঠানের নামে বরাদ্দ মিলেছে ২৯ হাজার টাকা।‘কালাই টেকনিক্যাল স্কুল অ্যান্ড মহিলা বিএম কলেজ’ নামের একটি প্রতিষ্ঠান পেয়েছে ৮০ হাজার টাকা। রাতারাতি গজিয়ে ওঠা এ শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে ধারণা নেই খোদ উপজেলা প্রশাসনের। উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান বলেন, ‘কালাই টেকনিক্যাল স্কুল অ্যান্ড মহিলা বিএম কলেজ নামে উপজেলা সদরে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, এত দিন তা জানা ছিল না। সাংসদের বরাদ্দপত্রেই প্রথম এ প্রতিষ্ঠানের নাম চোখে পড়ল।’ভুয়া ও সাইনবোর্ড-সর্বস্ব প্রতিষ্ঠানের নামে সরকারি অর্থ বরাদ্দের বিষয়ে জানতে চাইলে সাংসদ গোলাম মোস্তফা বলেন, নেতা-কর্মীদের সুপারিশেই বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। তালিকায় ভুয়া ও সাইনবোর্ড-সর্বস্ব প্রতিষ্ঠান থাকার কথা নয়। লুটপাট বা আত্মসাতের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।সংরক্ষিত নারী আসনের সাংসদ শাহীন মনোয়ারা হক পৃথক বরাদ্দপত্রে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে আট লাখ টাকা টিআর বরাদ্দ দিয়েছেন। এর মধ্যে সাইনবোর্ড-সর্বস্ব কয়েকটি প্রতিষ্ঠানও বরাদ্দ পেয়েছে। এগুলোর মধ্যে ‘সোস্যাল অর্গানাইজেশন অব মাত্রাই’র অনুকূলে ৯৫ হাজার টাকা, ‘কাদিরপুর বাখড়া পাবস সমিতি’র অনুকূলে ৯৩ হাজার, ‘মোলামগাড়িহাট আদর্শ কলেজ’-এর ছাউনি নির্মাণ বাবদ ৯৩ হাজার এবং বেঞ্চ সরবরাহ বাবদ ৯২ হাজার টাকার পৃথক বরাদ্দ দিয়েছেন সাংসদ শাহীন মনোয়ারা।জানা গেছে, মোলামগাড়িহাট আদর্শ কলেজে বর্তমানে শিক্ষার্থী-শিক্ষক এমনকি কমিটিও নেই। ১৯৯৮ সালের দিকে মোলামগাড়িহাট আদর্শ কলেজে পাঠদানের কার্যক্রম শুরু হলেও পরবর্তী সময়ে কলেজটি বন্ধ হয়ে যায়। পরিত্যক্ত ভবনে গো-খামারও গড়ে তোলা হয়। তবে কলেজটির প্রতিষ্ঠাতা ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবদুস সোবহান বলেন, শিক্ষাবোর্ড থেকে পাঠদানের অনুমতি ও একাডেমিক স্বীকৃতি পাওয়ার পরও বিএনপি-জামায়াতের রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়ে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গিয়েছিল। নতুন করে কলেজটির কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।সাইনবোর্ড-সর্বস্ব প্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া প্রসঙ্গে বক্তব্য জানতে একাধিকবার সাংসদ শাহীন মনোয়ারা হকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।