
রাস্তা মেরামতের একটি প্রকল্পের কাজের জন্য নির্বাচিত হন ফাতেমা বেগম। প্রকল্পটি ছিল ৪০ দিনের, তবে কাজ করানো হয় মাত্র ২৪ দিন। সেই টাকাও ঠিকমতো হাতে ওঠেনি ফাতেমার। বাগেরহাটের মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নের ধানসাগর গ্রামের এই বাসিন্দা বললেন, ‘২৪ দিনের কাজের টাকাও ঠিকমতো পাইনি। আবার বৈশাখ মাসের কাজের টাকা ভাদ্র মাসে পেয়েছি।’
জিউধারা ইউনিয়নের বাঁশখালী গ্রামের আমেনা বেগমের অভিযোগটাও কাছাকাছি। তিনি কাজ ঠিকই ৪০ দিন করেছেন। কিন্তু পরে ইউপি সদস্য চেকে তাঁর (আমেনা) স্বাক্ষর নিয়ে ওই টাকা ব্যাংক থেকে তুলে আত্মসাৎ করেছেন।
মোরেলগঞ্জ উপজেলা সদরের আবদুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এক গণশুনানিতে এমন নানা অভিযোগ তুলে ধরলেন ভুক্তভোগীরা। তাঁদের কথা শোনেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
মোরেলগঞ্জের সরকারি দপ্তরগুলোর সেবায় জবাবদিহি নিশ্চিত করতে যৌথভাবে এ গণশুনানির আয়োজন করে উপজেলা পরিষদ ও বাংলাদেশ দুর্যোগ প্রস্তুতি কেন্দ্র (বিডিপিসি)। সহযোগিতায় ছিল যুক্তরাজ্যভিত্তিক উন্নয়ন সংস্থা ক্রিশ্চিয়ান এইড।
কলাতলা গ্রামের আবুল হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখাতেও ১০০-১৫০ টাকা দিতে হয়। আবার চিকিৎসকেরা সেখানে ভালোমতো না দেখে রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে দেন। ডৌয়াতলা গ্রামের মো. নসরুল্লাহ বলেন, এই গ্রামের তিনটি কাঁচা সড়ক পাকা করতে প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। ইটও কেনা হয়। কিন্তু সড়কগুলো পাকা করেননি প্রকল্পের সভাপতি।
বানিয়াখালী গ্রামের ঊষা রানী বালা বলেন, বিধবাভাতা দেওয়ার কথা বলে স্থানীয় নারী ইউপি সদস্য তাঁর কাছ থেকে দেড় হাজার টাকা নিয়েছিলেন। তবে ভাতা পাননি। হরতকিতলা গ্রামের ইমাম বিশ্বাস বলেন, ১০ টাকা কেজি দরের চাল কেনার তালিকায় নাম ওঠাতে তাঁকে ৩০০ টাকা ইউপি সদস্যকে ঘুষ দিতে হয়েছে।
গণশুনানিতে অভিযোগের পাশাপাশি এলাকার সমস্যা তুলে ধরেন অনেকে। ভাসানদল গ্রামের মো. ইয়াহিয়া বলেন, তাঁদের গ্রামে সুপেয় পানির তীব্র সংকট। দুই কিলোমিটার দূরের একটি পুকুর থেকে পানি এনে ফুটিয়ে খেতে হয়। তিনি গ্রামে নলকূপ বসানো অথবা পুকুর খননের দাবি জানান।
শুনানিতে অংশ নিয়ে এসব অভিযোগ আর সমস্যার কথা শোনেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ওবায়দুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহ্-ই-আলম, ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপম রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কামাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পীযূষ কান্তি ঘোষ প্রমুখ। তাঁরা অভিযোগগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডিপিসির পরিচালক মুহাম্মদ সাইদুর রহমান।