ভুক্তভোগীর চরিত্র নিয়ে প্রশ্নের বিধান বাতিল হবে: অ্যাটর্নি জেনারেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

সাক্ষ্য আইন সংশোধনসহ ভুক্তভোগীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলার সুযোগসংক্রান্ত আইনের ১৫৫ (৪) ধারা বাতিল করার প্রক্রিয়া চলছে। এ জন্য খসড়া বিল তৈরি করা হয়েছে বলে এক রিটের শুনানিতে আদালতকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ মঙ্গলবার এক রিটের ওপর শুনানি হয়। অন্যদিকে রিট আবেদনকারীদের আইনজীবী সারা হোসেন শুনানিতে বলেন, সংবিধানের ২৮ অনুচ্ছেদ অনুসারে নারীর প্রতি বৈষম্য করা যাবে না। ওই ধারাটি নারীর প্রতি বৈষম্যমূলক।

সাক্ষ্য আইনের ১৫৫(৪) ও ১৪৬(৩) ধারা বাতিল চেয়ে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র (আসক) ও নারীপক্ষ ১৪ নভেম্বর ওই রিটটি করে। আদালত আগামী ৪ জানুয়ারি পর্যন্ত রিটের শুনানি মুলতবি করেছেন। সেই সঙ্গে ১৫৫(৪) ধারা বাতিল বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা হলফনামা আকারে রাষ্ট্রপক্ষকে জানাতে বলেছেন। সেই সঙ্গে রাষ্ট্রপক্ষকে ১৪৬(৩) ধারার বিষয়টিও আমলে নেওয়ার কথা বলেছেন আদালত।

আদালতে রিটের পক্ষে আইনজীবী জেড আই খান পান্না, শারমিন আকতার ও মো. শাহীনুজ্জামান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার শুনানিতে ছিলেন।

সাক্ষ্য আইনের ১৫৫(৪) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তির বিরুদ্ধে যখন বলাৎকার বা শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ আনা হয়, তখন সাধারণভাবে অভিযোগ দায়ের করা নারীকে দুশ্চরিত্রা দেখানোর সুযোগ থাকে। আর আইনের ১৪৬(৩) ধারা অনুযায়ী, চরিত্র নিয়ে কটাক্ষ এবং সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে প্রশ্ন তোলা যায়। এই দুটি ধারা অসাংবিধানিক এবং বাতিল ঘোষণা চেয়ে রিটটি করা হয়।