ভুখা মিছিল করলেন বেসরকারি পাটকলশ্রমিকেরা
বন্ধ হয়ে যাওয়া বেসরকারি জুট মিলগুলো চালু, শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা পরিশোধসহ আট দফা দাবিতে এবার থালা-বাসন হাতে ভুখা মিছিল করেছেন খুলনার বেসরকারি পাটকলগুলোর শ্রমিকেরা। আজ সোমবার বেলা সাড়ে ১০টার দিকে নগরের ফুলবাড়ী গেট এলাকার খুলনা-যশোর মহাসড়কে ব্যক্তিমালিকানাধীন পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক ফেডারেশন এ ভুখা মিছিলের আয়োজন করে।
ভুখা মিছিলটি মীরেরডাঙ্গা শিল্পাঞ্চল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ীগেট বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে এ কর্মসূচি পালন করেন শ্রমিকেরা।
বেসরকারি পাটকলশ্রমিকদের দাবির মধ্যে রয়েছে বেসরকারি সোনালী ও আফিল জুট মিল পূর্ণাঙ্গভাবে চালু ও বকেয়া পরিশোধ, বন্ধকৃত মহসেন ও এ্যাজাক্স জুট মিলের সব পাওনা পরিশোধ, এ্যাজাক্স জুট মিলের আবাসিকে বিদ্যুৎ-সংযোগ চালু, জুট স্পিনার্সের শ্রমিকদের বকেয়া থাকা প্রায় ৮৮ লাখ টাকা পরিশোধ, চালু থাকা জুটমিলের শ্রমিকদের কমপক্ষে দুটি গ্র্যাচুইটি দেওয়া এবং সোনালী, আফিল, এ্যাজাক্স ও মহসেন জুটমিলকে সরকারীকরণ।
সমাবেশে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময়, মশাল মিছিল, গণ-অনশন ও খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট এলাকায় রাজপথ অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
গত ১০ এপ্রিল বকেয়া মজুরি পরিশোধ, পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ পাঁচ দফা দাবিতে খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত সাত জুটমিলের শ্রমিকেরা ভুখা মিছিল করেন। এ কর্মসূচি পালনের কয়েক দিন পরেই রাষ্ট্রায়ত্ত পাটকলের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।