
দীর্ঘদিন সংস্কার না করায় নিয়ামতপুর-শিবপুর সড়কের অধিকাংশ স্থান খানাখন্দে ভরে গেছে। এতে এ সড়কটি দিয়ে চলাচলকারী নিয়ামতপুর ও পোরশা উপজেলার বাসিন্দারা ভোগান্তি পোহাচ্ছে।
সরেজমিনে গত মঙ্গলবার দেখা যায়, সড়কটির অসংখ্য স্থানে কার্পেটিং উঠে গিয়ে লাল খোয়া বের হয়ে পড়ায় এবড়োখেবড়ো হয়ে পড়েছে। কোথাও কোথাও রাস্তার ইট পর্যন্ত উঠে গেছে। রাস্তার দুই ধারের মাটি সরে গিয়ে সেখানেও বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে একটি গাড়ি আরেকটিকে অতিক্রম করতে গিয়ে ঝুঁকির মধ্যে পড়ছে।
এলাকার বেশ কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তাটি দিয়ে নিয়ামতপুর সদর, চন্দননগর ও হাজিনগর ইউনিয়ন এবং পোরশার মশিদপুর ও গাঙ্গুরিয়া ইউনিয়নের কয়েক হাজার মানুষ প্রতিদিন চলাচল করে। সাংশইল, টিএলবি ও শিবপুর এলাকার তিনটি গুরুত্বপূর্ণ বাজার এবং নিয়ামতপুর সদরে যেতে এই সড়কটি ব্যবহার করতে হয় এলাকাবাসীর।
পাঁচপুকুরিয়া গ্রামের কৃষক বলরাম বর্মণ, বক্কার আলী ও সাংশইল গ্রামের কৃষক জিয়ারত আলী বলেন, তাঁদের উৎপাদিত কৃষিপণ্য টিএলবি ও উপজেলা সদরের বাজারে নিয়ে যেতে হয়। কিন্তু এই ভাঙাচোরা সড়কের কারণে ভটভটি ও ভ্যানচালকেরা যেতে চান না। গেলেও অতিরিক্ত ভাড়া গুনতে হয় তাঁদের।
ভ্যানচালক জিয়ারুল বলেন, ভাঙাচোরা রাস্তার জন্য বেশি মাল টানা যায় না। শরীরের জোর খরচ হয় অনেক বেশি। এ ছাড়া ভ্যানেরও ক্ষতি হয়।
নিয়ামতপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, নিয়ামতপুর উপজেলা সদর থেকে পোরশা উপজেলার তাঁতোড় পর্যন্ত ২০ কিলোমিটার রাস্তা ২০১২ সালে সংস্কার করা হয়। ২০১৪ সালে শিবপুর থেকে তাঁতোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার সংস্কার করা হয়। নিয়ামতপুর থেকে শিবপুর বাজার পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়নি। আগে রাস্তাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে থাকলেও ২০১৫ সালে সড়ক ও জনপথের (সওজ) অধীনে আসে।
সওজ নওগাঁর নির্বাহী প্রকৌশলী আবদুল আলীম বলেন, রাস্তাটি সওজের অধীনে আসার আগেই ভাঙাচোরা ছিল। সওজের অধীনে আসার পর গত অক্টোবরে রাস্তাটির প্রশস্ততা বৃদ্ধি ও সংস্কারের জন্য একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেটি পাস এবং দরপত্র আহ্বান করতে আরও পাঁচ-ছয় মাস লাগতে পারে। এর মধ্যে গাড়ি চলাচলের জন্য বর্ষার আগে আপাতত ইট-খোয়া বিছিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।