ভুজপুরে আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে জখম
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে গতকাল শুক্রবার আওয়ামী লীগের নেতা মো. আবদুল জলিলকে জামায়াত-শিবিরের কর্মীরা কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জলিল আওয়ামী লীগের দাঁতমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি। আবদুল জলিল বলেন, ‘হামলাকারীরা ভুজপুরে জামায়াত-বিএনপি ও হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। এ ঘটনার রেশ ধরে তাঁকে হত্যার চেষ্টা চালানো হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বেলা ১১টার দিকে মনোয়ারখিল গ্রামে বন বিভাগের কিছু গাছ জোর করে কেটে ফেলেন জামায়াত-শিবিরের স্থানীয় কয়েকজন কর্মী। বিষয়টি দেখতে তারাখো বিট কর্মকর্তা আলী আকবর কাজী ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল জলিল ঘটনাস্থলে যান। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা জলিলের ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা তাঁকে দা-কিরিচ দিয়ে এলোপাতাড়ি কোপান।
এ সময় বিট কর্মকর্তাসহ অন্যরা পালিয়ে যান। এক ঘণ্টা পর এলাকাবাসী জলিলকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
তারাখো বনবিট কর্মকর্তা আলী আকবর কাজী বলেন, ‘সরকারি কাজে বাধা ও হত্যাচেষ্টার বিষয়টি আমরা স্থানীয় পুলিশকে জানিয়েছি।’
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘বিষয়টি তদন্তের জন্য একদল পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।