চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরের কাজীরহাটে আওয়ামী লীগের মিছিলে সশস্ত্র হামলা ও তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তার ৩৫ জনকে গতকাল সোমবার রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। তবে গতকাল এ বিষয়ে শুনানি হয়নি। এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থক বলে পুলিশ জানালেও তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি। হামলার ঘটনায় উসকানিদাতা স্থানীয় জামায়াতের নেতা বেলাল হোসেনও গ্রেপ্তার হয়নি।জানতে চাইলে হাটাহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজামউদ্দিন জানান, ‘গ্রেপ্তার ৩৫ জনের বিরুদ্ধে চট্টগ্রামের বিচারিক হাকিমের আদালতে গতকাল রিমান্ড আবেদন করা হয়। ৩২ জন আসামিকে ১০ দিন করে এবং তিন আসামিকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছি।’ কাজীরহাটে স্থানীয় আওয়ামী লীগের মিছিলে গত বৃহস্পতিবার সশস্ত্র হামলায় তিনজন নিহত ও শতাধিক আহত হন। পুলিশের ভাষ্যমতে, মসজিদের মাইক থেকে স্থানীয় জামায়াতের নেতা বেলাল উসকানিমূলক মিথ্যা ঘোষণা দিয়ে গ্রামবাসী ও স্থানীয় মাদ্রাসার ছাত্রদের উত্তেজিত করেন। এরপর চারদিক থেকে মিছিল ঘেরাও করে সশস্ত্র হামলা চালানো হয়। এদিকে পুলিশের অভিযান জোরালো হওয়ায় গ্রেপ্তার আতঙ্কে আশপাশের কয়েকটি গ্রামের বিরোধী দল-সমর্থক পুরুষেরা বাড়ি ছেড়ে আত্মগোপন করেছেন। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, ভুজপুর কাজীরহাটের আশপাশের গ্রাম কোর্টবাড়িয়া, সিংহরিয়া, হরিণা, পশ্চিম ভুজপুর, পূর্ব-ভুজপুর, পাগলীছড়ি, রোসাংগ্যা ঘোনা, পশ্চিম আন্ধারমানিক, পূর্ব-ফটিকছড়ি, কোম্পানি ঠিলা, আজিমপুর, আতমলী, পূর্ব কৈয়াপুটিয়া ও জঙ্গল কৈয়া গ্রাম এলাকায় পুরুষ লোকজন নেই বললেই চলে। কাজীরহাট বাজারের বেশির ভাগ দোকানই বন্ধ দেখা গেছে। গতকাল দু-একটি দোকান খোলা হলেও ক্রেতা নেই দেখে কিছুক্ষণ পরই তা বন্ধ হয়ে যায়।ফটিকছড়ি ছাত্রলীগের বিক্ষোভ-প্রতিবাদ: এদিকে বৃহস্পতিবারের তাণ্ডবের প্রতিবাদে গতকাল দুপুরে ফটিকছড়ি শহরে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্রলীগ। বিক্ষোভ শেষে উপজেলা সদরে বাসস্ট্যান্ডে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।অনাড়ম্বরভাবে নববর্ষ উদ্যাপন: বাংলা নববর্ষকে বরণ করতে ফটিকছড়িতেও প্রতিবছর বাঙালি সংস্কৃতির নানা অনুষ্ঠানের আয়োজন থাকে। তবে গত বৃহস্পতিবারের তাণ্ডবের পর উদ্বেগ-উৎকণ্ঠা এখনো চেপে ধরে আছে উপজেলাবাসীকে। তাই এবারের পয়লা বৈশাখ বরণ অনুষ্ঠান সংকুচিত করে প্রশাসন।