ভুজপুরে তাণ্ডবের ঘটনায় জামায়াত নেতা গ্রেপ্তার
ফটিকছড়ির ভুজপুর থানার কাজিরহাটে আওয়ামী লীগের মিছিলে সহিংস হামলার ঘটনায় জিয়াউল হক (৪৫) নামের এক জামায়াত নেতাকে গতকাল মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই ঘটনার মূল পরিকল্পনাকারী বলে পুলিশ জানায়।চট্টগ্রাম নগরের হালিশহর থানার উত্তর আবাসিক মুহুরীপাড়া এলাকা থেকে পুলিশ জিয়াউল হককে গ্রেপ্তার করেছে। ফটিকছড়ির ঘটনায় দায়ের হওয়া চারটি মামলার মধ্যে তিনটিতেই তিনি এজাহারভুক্ত আসামি। হালিশহর থানার ওসি শাহজাহান কবির জানান, ফটিকছড়ির ভুজপুরে আওয়ামী লীগের ওপর সহিংস ঘটনার পর থেকে জিয়াউল হক বিভিন্ন জায়গায় আত্মগোপন করে ছিলেন। এক সপ্তাহ আগে তিনি হালিশহরের একটি বাসায় অবস্থান নেন। গত ১১ এপ্রিল আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে জামায়াত, বিএনপি ও হেফাজত মিলে সহিংস তাণ্ডব চালিয়ে তিনজনকে খুন করে এবং শতাধিক ব্যক্তিকে আহত করে। এ সময় দেড় শতাধিক গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ জানায়, ঘটনার আগের রাতে স্থানীয় বিএনপি, জামায়াত ও হেফাজতের নেতাদের মধ্যে সহিংসতার পরিকল্পনা নিয়ে যে বৈঠক হয়, তাতে জিয়াউল হক অংশ নিয়েছিলেন।