ভুজপুরে পুলিশ পরিচয়ে ডাকাতি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে পুলিশ পরিচয়ে প্রবাসীর ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় তাঁর মা ও স্ত্রীকে জিমিঞ্চ করে অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়।
গত শুক্রবার গভীর রাতে ওই এলাকার সন্দীপনগর গ্রামের প্রবাসী বেলাল উদ্দিনের ঘরে এ ঘটনাটি ঘটে।
প্রবাসীর মা বৃদ্ধা শামসুন নাহার (৬০) জানান, ‘মুখোশ পরা আট থেকে দশজন যুবক সশস্ত্র অবস্থায় রাত আনুমানিক দুইটার সময় ঘরের বাইরে থেকে প্রথমে পুলিশ পরিচয় দেয়। আসামি গ্রেপ্তারের কথা বলে দরজা খুলতে বলে। ঘরে কোনো পুরুষ সদস্য নেই উল্লেখ করলে ডাকাতের দল দরজা ভাঙার চেষ্টা করে। পরে দরজা খুলে দিলে আমাকে ও আমার পুত্রবধূ ফারজানাকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে ঘরে রাখা এক লাখ ১০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার, মুঠোফোনসহ বেশ কিছু আসবাব নিয়ে যায়।’
পুত্রবধূ ফারজানা আকতার জানান, জমি ক্রয়ের জন্য ব্যাংক থেকে টাকাগুলো এনে ঘরে রাখা হয়। রোববার সেই টাকা জমির বিক্রেতাকে দেওয়ার কথা ছিল। ডাকাতেরা ওই টাকাগুলো ছিনিয়ে নেয়। ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অং সাই থোয়া গতকাল শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে এখনো পুলিশ রয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। অভিযোগকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে পরে মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।