ভুজপুরের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে হরতালবিরোধী মিছিলে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন আওয়ামী লীগের নেতারা। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নেতারা এই দাবি জানান।সংবাদ সম্মেলনে ওই ঘটনার অর্থদাতা, পরিকল্পনাকারী ও হামলায় অংশ নেওয়া দুর্বৃত্তদের গ্রেপ্তার দাবি করা হয়। এ সময় অভিযোগ করা হয়, ওই হামলার সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মী ও সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পরিবারের সদস্যরা জড়িত। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী। সংবাদ সম্মেলনে বলা হয়, ১১ এপ্রিল সকালে দক্ষিণ ফটিকছড়ির আজাদী বাজার থেকে মোটরসাইকেল, প্রাইভেট কার, জিপ, মাইক্রোবাস, পিকআপ ও মিনি ট্রাক নিয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে হরতালবিরোধী শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভুজপুর ন্যাশনাল স্কুলে গিয়ে দেখা যায়, রাস্তায় গাছের গুঁড়ি ও বৈদ্যুতিক খুঁটি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। একপর্যায়ে দুর্বৃত্তরা বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে শোভাযাত্রায় হামলা চালায়। এ সময় শোভাযাত্রার পেছনের দিক থেকে এবং সড়কের দুই পাশে ঝোপঝাড়ে ওত পেতে থাকা আরও কয়েক শ সন্ত্রাসী হামলা শুরু করে।সংবাদ সম্মেলনে বলা হয়, হামলায় তিনজন নিহত এবং তিন শতাধিক আহত হন। ঘটনার পর থেকে এখনো ছয়জন হাসপাতালে অজ্ঞান অবস্থায় আছেন। এ ঘটনায় ২৩০টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। খোয়া গেছে আরও ১৬০টি মোটরসাইকেল। তিনটি কার, একটি মাইক্রোবাস, তিনটি জিপ, আটটি ট্রাক পুড়িয়ে দেওয়া হয়। দুর্বৃত্তরা ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িটিও পুড়িয়ে দেয়।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক এম এ সালাম, সহসভাপতি নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, গত নির্বাচনে ফটিকছড়ির আওয়ামী লীগের প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম, উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।