ভুটানে মারা যাওয়া মঞ্জুরুলের লাশ পড়ে আছে ভারতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুটানে মারা যাওয়া বাংলাদেশি শ্রমিক মঞ্জুরুলের লাশ পড়ে আছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মেখলিগঞ্জের সীমান্ত এলাকায়।গতকাল শুক্রবার ভোরে দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল দিয়ে ওই লাশ বাংলাদেশে আনার চেষ্টা করেন মৃত ব্যক্তির তিন সহকর্মী। কিন্তু ভারতীয় বাসিন্দাদের ধাওয়া খেয়ে লাশ ফেলে মুন্সীপাড়া সীমান্ত দিয়ে দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলে পালিয়ে আসেন তাঁরা। তিনজনই এখন পুলিশ হেফাজতে আছেন।পুলিশ ও বিজিবি জানায়, ভুটানে মৃত মঞ্জুরুলের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কান্দি গ্রামে। তাঁর বাবার নাম আবদুর রউফ। অপর শ্রমিকেরা হলেন একই উপজেলার রাওনা গ্রামের আলী হোসেন (৩০), জেলার ফুলপুর উপজেলার ছোট সোনই গ্রামের মাসুদ (৩০) ও জিগারকান্দ গ্রামের আকিকুল ইসলাম (৩০)।পুলিশের ভাষ্যমতে, দেড় মাস আগে দালালের মাধ্যমে অবৈধভাবে ভুটান যান চার শ্রমিক। সেখানে একই প্রতিষ্ঠানে কাজ করছিলেন তাঁরা। ওই চার শ্রমিকের একজন সম্প্রতি ভুটানে মারা যান।আটক হওয়া তিন শ্রমিক জানান, ১০ দিন আগে ঠান্ডাজনিত কারণে অসুস্থ হয়ে ভুটানের একটি হাসপাতালে ভর্তি হন মঞ্জুরুল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার মারা যান তিনি। কিন্তু বৈধ কাগজপত্র না থাকায় লাশ দেশে ফিরিয়ে আনতে গিয়ে বেকায়দায় পড়েন শ্রমিকেরা।বাধ্য হয়ে ভুটান থেকে আবারও অবৈধ পথে লাশ নিয়ে ভারতে প্রবেশ করেন শ্রমিকেরা। কিন্তু ভারতীয়দের অতর্কিত হামলায় প্রাণভয়ে লাশ ফেলে পালিয়ে আসেন তাঁরা।শ্রমিকেরা বলেন, পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জের একটি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা ছিল তাঁদের।পুলিশের হাতে আটক মাসুদ অভিযোগ করেন, দালালদের কথামতো পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার আশায় তাঁরা ভুটানে যান। এ জন্য সহায়-সম্বল বিক্রি করে দালালদের দিতে হয়েছে জনপ্রতি ৮০ হাজার টাকা।মাসুদ জানান, দেড় মাস আগে তাঁদের চারজনকে নিয়ে আসা হয় ঢাকার গাবতলীতে। গাবতলী থেকে দালালেরা তাঁদের দিনাজপুরের হিলি স্থলবন্দরে নিয়ে আসে। এরপর ওই স্থলবন্দর দিয়ে ভারতীয় ভিসায় ভারতে প্রবেশ করেন। পরে ভারতীয় আরেক দালাল তাঁদের নিয়ে যায় ভুটানের একটি সীমান্তে। সেখান থেকে চারজনকেই তুলে দেওয়া হয় ভুটানের জনৈক রাজু দাস নামের এক দালালের হাতে।পরে রাজু সে দেশের পিএনকে কনস্ট্রাকশন নামের একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ দেন তাঁদের। সেখানে অমানুষিক পরিশ্রম করলেও প্রতিশ্রুত পারিশ্রমিক তাঁরা পাননি। অথচ দেশে থাকতে দালালেরা বলেছিল, মাসে ৪০ হাজার টাকা বেতন দেওয়া হবে। এ ছাড়া থাকবে ওভারটাইমের সুযোগ।দহগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) লেবু মিয়া জানান, ‘আটককৃতরা পুলিশ হেফাজতে আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে তিনজনের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’এদিকে গতকাল সন্ধ্যায় পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন সাংবাদিকদের বলেন, ওই তিন শ্রমিকের গ্রামের বাড়িতে খবর দেওয়া হয়েছে।লালমনিরহাট ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসলাম হোসেন সাংবাদিকদের জানান, পালিয়ে আসা শ্রমিকেরা সহকর্মীর লাশ ভারতের কোথায় ফেলে এসেছে, তা সঠিকভাবে বলতে পারছে না। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত হলে বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) লাশ ফেরতের জন্য চিঠি দেওয়া হবে।