ভুটানের জলবিদ্যুতে ঢাকার আগ্রহ

ভুটানের জলবিদ্যুৎ প্রকল্পে অংশীদার হিসেবে বিবেচনার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ ছাড়া নিজেদের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমাতে রাজি হয়েছে দুই দেশ।
গতকাল শনিবার ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভুটানের সফররত প্রধানমন্ত্রী শেরিং তোবগের আনুষ্ঠানিক বৈঠকে বিদ্যুৎ ও বাণিজ্য সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকের পর বাণিজ্য চুক্তি নবায়ন ও ঢাকায় ভুটানের দূতাবাস নির্মাণের ব্যাপারে দুটি চুক্তি সই হয়। দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাণিজ্য চুক্তি নবায়নের প্রটোকলে সই করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং ভুটানের অর্থমন্ত্রী নরবু ওয়াংচুক। রাজধানীর বারিধারায় ভুটানের দূতাবাস নির্মাণের চুক্তিতে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী রিনজিন দর্জি সই করেন।
তোফায়েল আহমেদের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, দুই দেশের মধ্যে আগের বাণিজ্য চুক্তিতে ৭৪টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়া ছিল। এখন এই সংখ্যাটি বাড়িয়ে ৯০টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়েছে। পদ্মা সেতুর জন্য ভুটান থেকে বোল্ডার আনতে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা দেবে।
তিন দিনের সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে গতকাল সকালে ঢাকায় আসেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দর থেকে সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান ভুটানের প্রধানমন্ত্রী। স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর একটি ‘উদয় পদ্ম’ ফুলগাছের চারা রোপণ করেন তিনি।
সফরের প্রথম দিন শেখ হাসিনার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি রাতে তাঁর সম্মানে প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে যোগ দেন। এ ছাড়া বিকেলে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।
দুই প্রধানমন্ত্রীর বৈঠক: প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বাংলাদেশ-ভুটান শীর্ষ বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর আলোচনা সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন। শেখ হাসিনাকে উদ্ধৃত করে তিনি বলেন, জলবিদ্যুৎ উৎপাদনে ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ রপ্তানি করে দেশের অর্থনীতিতে ভুটান গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের শান্তি ও টেকসই উন্নয়নের স্বার্থে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করছি। আমরা আশা করি, ভুটানের জলবিদ্যুতের যে সম্ভাবনা, তা আমাদের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে পারবে। তাই ভবিষ্যতে ভুটানের জলবিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশকে অংশীদার করার অনুরোধ করছি।’
প্রেস সচিব জানান, ভুটানের অনুকূলে থাকা দ্বিপক্ষীয় বাণিজ্যের বৈষম্য কমানোর বিষয়ে দুই প্রধানমন্ত্রী আলোচনা করেন। বর্তমানে বাংলাদেশ ২০ কোটি টাকা সমমানের পণ্য ভুটানে রপ্তানি করে। আর আমদানি করে ১৭৫ কোটি টাকার সমমানের পণ্য।
প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ একতরফাভাবে ভুটানকে চট্টগ্রাম ও মংলা বন্দরের পাশাপাশি সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের সুযোগ দিয়েছে। ভুটানের চাহিদা মেটাতে তৈরি পোশাক, সিরামিক, ওষুধ, পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, প্রসাধন সামগ্রী ও মৌসুমি ফল ভুটানের চাহিদা মেটাতে পারে বলে প্রধানমন্ত্রী মত দেন।
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি বিশেষ করে চিকিৎসা-সহযোগিতা নেওয়ার প্রয়োজনীয়তার কথা তোলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানে বাংলাদেশের চিকিৎসকদের বেতন বাড়ানোর পরামর্শ দেন।
আজকের কর্মসূচি: সফরের দ্বিতীয় দিনে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এদিকে সকালে শেরিং তোবগের স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানা দেখতে যাওয়ার কথা রয়েছে।
তিন দিনের সফর শেষে কাল সোমবার ভুটানের প্রধানমন্ত্রীর ফিরে যাওয়ার কথা রয়েছে।