ভুটানের জলবিদ্যুৎ খাতে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রদূতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুটানের জলবিদ্যুৎ খাতে বাংলাদেশের উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত পেমা চুডেন।
আজ সোমবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান ভুটানের রাষ্ট্রদূত। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় পেমা চুডেন বলেন, জলবিদ্যুত্ খাতে বিনিয়োগ করে উত্পাদিত বিদ্যুৎ মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) আওতায় ভারতসহ অন্যান্য দেশে বিক্রি করে বাংলাদেশি উদ্যোক্তারা লাভবান হবেন। তিনি ভুটানে কৃষিভিত্তিক শিল্প স্থাপনের জন্য বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগে উত্সাহিত করতে শিল্পমন্ত্রীর সহায়তা কামনা করেন।
বৈঠকে পেমা চুডেন বলেন, ইতিমধ্যে বাংলাদেশি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা ভুটানে সফটওয়্যার রপ্তানি করছেন। অবকাঠামোগত নির্মাণের জন্য বাংলাদেশ ভুটান থেকে গুণগতমানের পাথর আমদানি করতে পারেও বলে মত দেন তিনি।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ভুটানকে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধু হিসেবে উল্লেখ করেন। তিনি দুই দেশের মধ্যে যোগাযোগ শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। তিনি রাষ্ট্রদূতকে জলবিদ্যুত্সহ ভুটানের অন্যান্য শিল্প খাতে বিনিয়োগের জন্য বাংলাদেশি উদ্যোক্তাদের উত্সাহ দেওয়ার আশ্বাস দেন।