ভুটানের রাজা আজ ঢাকায় আসছেন
ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন। স্ত্রী গিয়ালতসুয়েন জেতসুন পেমা ওয়াংচুককে নিয়ে তাঁর এবারকার ছয় দিনের সফরটি ব্যক্তিগত। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ব্যক্তিগত সফর হওয়ায় ভুটানের রাজাকে আজ দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। ভুটানের রাজার দপ্তরের এক কর্মকর্তা গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এ সফরের সময় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে ভুটানের রাজা বৈঠক করবেন। এ ছাড়া ভুটানের রাজার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।ভুটানের ওই কর্মকর্তা জানান, ভুটানের রাজা ঢাকায় অবস্থানের সময় ব্যবসায়ী নেতা ও বিভিন্ন পেশাজীবী শ্রেণীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। বাংলাদেশ ও ভুটানের সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে ভুটানের রাজা বাংলাদেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে জানতে চাইবেন।ভুটানের রাজা হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত দুই বছরে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন জিগমে খেসার। এর আগে বাংলাদেশের স্বাধীনতার চার দশক পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে ২০১১ সালের ২৪ থেকে ২৮ মার্চ তিনি ঢাকা সফর করেন।